ওয়ারীতে অগ্নিদগ্ধ একজনের মৃত্যু
রাজধানীর ওয়ারী থানা এলাকার নারিন্দামোড়ের ধোলাইখালে অগ্নিদগ্ধ তিনজনের মধ্যে সুমন মিয়া (৪০) নামের একজন মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। দগ্ধ দুজন চিকিৎসাধীন। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
অগ্নিদগ্ধ অন্য দুজন হলেন শাকিল (৪৫) ও মো. শহীদ (৩০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল সকালে বলেন, সুমনের শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল। শাকিলের শরীরের ৩২ শতাংশ ও শহীদের ৮৫ শতাংশ পুড়েছে।
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা নাসরিন সুলতানা বেলা দেড়টার দিকে সুমনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, তেতলা ভবনের দ্বিতীয় তলায় তিনজন একসঙ্গে থাকতেন। অগ্নিকাণ্ডের সময় ওই তিনজনের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওয়ারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম অগ্নিদগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে তাঁরা চিকিৎসাধীন।
হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি জানেন বলে জানিয়েছেন।
আরও জানতে পড়ুন..