ওয়ারীতে ককটেল বিস্ফোরণে কিশোর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়ারী থানা এলাকায় আজ শনিবার ককটেল বিস্ফোরণে রুহুল আমিন (১৫) নামের এক কিশোর আহত হয়েছে। পুলিশ বলছে, ককটেল ছুড়তে গিয়ে হাতেই বিস্ফোরিত হয়ে রুহুলের এ দশা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বেলা তিনটার দিকে তিন-চারজন কিশোর রুহুলকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ওই সময় রুহুলের দুই হাত ককটেল বিস্ফোরণে ঝলসানো অবস্থায় ছিল। তড়িঘড়ি রুহুলকে মেডিকেলে ভর্তি করে সটকে পড়ে অন্য কিশোরেরা। পরে বিষয়টি সম্পর্কে অবহিত হন হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক। তিনি বিষয়টি ওয়ারী থানায় জানান। পরে পুলিশের তত্ত্বাবধানে রুহুলের চিকিত্সা চলে। সন্ধ্যা সাতটার দিকে ওয়ারী থানার পুলিশ রুহুলকে তাদের হেফাজতে নিয়ে যায়।

হাসপাতাল সূত্র জানায়, রুহুল সাংবাদিকদের জানিয়েছে, সে ওয়ারীতে একটি গাড়ির গ্যারেজে কাজ করে। ওয়ারী থানার স্বামীবাগ এলাকায় ককটেল বিস্ফোরণে সে আহত হয়।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা প্রথম আলো ডটকমকে বলেন, ককটেল ছুড়তে গিয়ে হাতেই বিস্ফোরিত হয়ে রুহুল আহত হয়েছে। সে ওয়ারী থানার গোপীবাগের একটি বস্তিতে থাকে।