ওয়ারীতে কাভার্ডভ্যান চাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ওয়ারীতে কাভার্ডভ্যান চাপায় এক রিকশাচালক (৩৫) নিহত ও দুই ভ্যানচালক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ইত্তেফাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ প্রথম আলোকে বলেন, ইত্তেফাক মোড় এলাকায় রাস্তার পাশে বসে কয়েকজন রিকশা ও ভ্যানচালক চা-নাশতা করছিলেন। এ সময় সিমেন্ট বহনকারী একটি কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিকশাচালককে মৃত ঘোষণা করেন। নিহতের নাম জানা যায়নি। আহত দুই ভ্যানচালক বকুল (৩৫) ও রহমত আলী (৩০) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কাভার্ডভ্যানসহ চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে।