ওয়ারীতে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়ারীতে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আলমগীর হোসেন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়।
ওয়ারী থানার ৯/১০ নম্বর যদুনাথ বসাক লেনের একটি বাড়িতে গত বৃহস্পতিবার মধ্যরাতে গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির গৃহকর্তা আলমগীর হোসেন, তাঁর স্ত্রী হোসনে আরা বেগম (৪২) ও মেয়ে শারমিন আলম সাবিনা (১৯) মারাত্মকভাবে দগ্ধ হন। পরে তাঁদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে আলমগীর হোসেন মারা যান। বিস্ফোরণের ঘটনায় আলমগীরের শরীরের ৯৫ শতাংশ, হোসনে আরার ৪০ শতাংশ ও সাবিনার ৩০ শতাংশ পুড়ে যায়। তিনজনেরই শ্বাসনালি পুড়ে যায়। হোসনে আরা ও শারমিনের অবস্থাও ভালো নয় বলে জানান তিনি।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে পানি গরম করার জন্য চুলায় আগুন ধরাতে যান হোসনে আরা। এ সময় হঠাৎ গ্যাসের পাইপে বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত পুরো বাসায় ছড়িয়ে পড়ে।