ওয়ার্কার্স পার্টি সরকারের অংশীদার হবে না। তবে মহাজোটে থাকবে। গতকাল রোববার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী সাংগঠনিক সম্মেলনের সমাপনী দিনে এ সিদ্ধান্ত হয়। জানতে চাইলে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান খান পার্টির সরকারে না যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকার করেন। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক সম্মেলনের রাজনৈতিক রিপোর্টে বিষয়টি উপস্থাপন করেন। সম্মেলনে পার্টির গঠনতন্ত্র-সম্পর্কিত কিছু ধারাও সংশোধন করা হয়। এর মধ্যে জেলা কমিটিতে কেন্দ্রের আদলে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ সৃষ্টি করা হয়েছে। বর্তমানে জেলা কমিটিতে শুধু সম্পাদকের পদ আছে।জানা যায়, রাজনৈতিক রিপোর্টের ওপর আলোচনায় অংশ নিয়ে জেলার নেতারা ওয়ার্কার্স পার্টিকে এককভাবে বামধারার ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। সমাপনী বক্তব্যে রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টিকে বাম ও ডান বিচ্যুতির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখা ও পার্টিকে বিপ্লবী ধারায় এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।