মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে বড় ধরনের দুর্নীতি এবং দলবাজির মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দলটি বলেছে, এভাবে চললে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জনমনে বিরূপ ধারণা সৃষ্টি হবে। গত শুক্র ও গতকাল শনিবার ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ প্রতিক্রিয়া জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও সরকারের বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। সভায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে দুর্নীতির বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা সংসদের দৃষ্টি আকর্ষণ করা হয়। সভার অপর এক প্রস্তাবে হেফাজতে ইসলামের দাবি মেনে নিয়ে পাঠ্যপুস্তক পরিবর্তনের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ বিষয়ে বক্তারা বলেন, এর মাধ্যমে সরকার মৌলবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করেছে। সরকারের এই পদক্ষেপে ভবিষ্যতে হেফাজত আরও আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হবে বলে সভায় আশঙ্কা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি