হঠাৎ করে চাল, আটা ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তাঁরা এই উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, চাল প্রতি কেজিতে পাঁচ-ছয় টাকা, আটা প্রতি কেজিতে ১০-১২ টাকা বৃদ্ধিসহ প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এমনিতেই বাজারে জিনিসপত্রের যে দাম, তা কিনতে মানুষ হিমশিম খাচ্ছে। তারপর আবার এই মূল্যবৃদ্ধি মানুষের জীবনযাত্রা আরও কঠিন করে তুলছে।বিবৃতিতে নেতারা মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দোষী ব্যক্তিদের শাস্তির দাবিও জানান তাঁরা। এ ছাড়া সংকট মোকাবিলায় টিসিবিকে কার্যকর করা এবং রেশনিংসহ গণবণ্টন ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়।মানববন্ধন: এদিকে বাংলাদেশ-মার্কিন যৌথ সামরিক বাহিনীর মহড়ার প্রতিবাদ, যুদ্ধাপরাধীদের বিচার ও বাহাত্তরের সংবিধান পুনর্বহালের দাবিতে গতকাল শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে বক্তারা যুক্তরাষ্ট্রকে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আখ্যায়িত করে বলেন, মার্কিন বাহিনীর সঙ্গে সপ্তাহব্যপী যৌথ সামরিক মহড়া দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। সংগঠনের ঢাকা মহানগর শাখার সভাপতি মুর্শিদা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আবুল হোসাইন, মোস্তফা আরশগীর, কিশোর রায়, আলী শিকদার প্রমুখ। বিজ্ঞপ্তি।