ওয়ার্কার্স পার্টির দুই নেতার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির একতরফা নির্বাচনে অংশ নেওয়া ও দলের সভাপতি রাশেদ খান মেননের ‘সর্বদলীয় সরকারে’ মন্ত্রিত্ব গ্রহণ করার প্রতিবাদে কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন দলটির দুই নেতা। তাঁরা হলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোজাম্মেল হক (তারা) ও রাগীব আহসান (মুন্না)।
গত রোববার এই দুই নেতার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তাঁরা বলেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটিতে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো, ক্ষমতার পরিধি সুনির্দিষ্টকরণ এবং নির্বাচন কমিশনের ক্ষমতায়ন ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির শর্ত পূরণ না হওয়া সত্ত্বেও দলের সভাপতির মন্ত্রিত্ব গ্রহণ এবং একতরফা নির্বাচনে অংশ নেওয়ার প্রতিবাদে তাঁরা কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন।
মোজাম্মেল হক ও রাগীব আহসান দাবি করেন, একতরফা নির্বাচনের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক সংঘাত ও মৌলবাদী চরমপন্থী সাম্প্রদায়িক শক্তির তৎপরতা বৃদ্ধি পাবে। দুই নেতার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, পদত্যাগপত্র দিলেই হয় না। কেন্দ্রীয় কমিটিতে তা অনুমোদিত হতে হবে। তিনি বলেন, ‘দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে আমি মন্ত্রীর দায়িত্ব ও নির্বাচনে অংশ নিয়েছি।’