
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও দলের পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আরও ১৬ জন।
সব দল অংশ নিলে কি এত সহজে জিততে পারতেন—জানতে চাইলে রাশেদ খান মেনন বলেন, ‘আমাদের প্রার্থীরা সহজে জিতল কই? তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি গতবার ৩০ হাজার ভোটের ব্যবধানে জিতেছি। সব দল অংশ নিলে ৩০ হাজার না হলেও ২০ হাজার ভোটে তো জিততাম।’
এর আগে ১৯৯১ সালে ১৫-দলীয় ঐক্যজোট থেকে প্রার্থী হয়ে রাশেদ খান মেনন সাংসদ নির্বাচিত হন। এরপর ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের আগ পর্যন্ত ওয়ার্কার্স পার্টির কেউ সাংসদ নির্বাচিত হতে পারেননি।
নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে দলীয় প্রধান মেনন ও দলের পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা নির্বাচিত হন। মেনন এখন সরকারি একজন মন্ত্রী।
২০০৮ সালের নির্বাচনে ওয়ার্কার্স পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পাঁচজন। আর, এবারের একতরফা নির্বাচনে দলটির ২৯ জন মনোনয়নপত্র জমা দেন। তিনজনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয় এবং আটজন প্রত্যাহার করে নেন। এখন ১৬ জন ভোটযুদ্ধে আছেন।
বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনকে কীভাবে দেখছেন? জানতে চাইলে গত রাতে রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, কিন্তু বিরোধী দল নির্বাচনে না এলে তো কারও কিছু করার নেই। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র সমানভাবে চলতে হবে। কেউ যদি নিজেকে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দাঁড় করায়, সেখানে তো গণতন্ত্র থাকে না।