ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস। চলবে আগামী রোববার পর্যন্ত। এতে সারা দেশ থেকে ওয়ার্কার্স পার্টির ছয় শতাধিক প্রতিনিধি-পর্যবেক্ষক অংশ নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া ১৪ দলসহ বিভিন্ন জাতীয় রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিভিন্ন দেশের ভ্রাতৃপ্রতিম কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টির ১৩ জন নেতার যোগ দেওয়ার কথা।
কংগ্রেসের প্রস্তুতি নিয়ে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, আজ সকাল ১০টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে খাপড়া ওয়ার্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কংগ্রেসের আনুষ্ঠানিকতা শুরু হবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিকসহ পলিটব্যুরোর শীর্ষ নেতারা রাজশাহী কারাগারে গিয়ে খাপড়া ওয়ার্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
ফজলে হোসেন বাদশা জানান, আজ বেলা তিনটায় রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গণে ছাত্র মৈত্রীর শহীদ নেতা জামিল আখতার রতনের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে কংগ্রেসের চার দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে।