কিছু নেতা কাউন্সিলর হতে না পেরে হইচই করার পর গতকাল শনিবার চট্টগ্রাম নগরের ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন মুলতবি করা হয়েছে। দলীয় সূত্র জানায়, গতকাল বিকেলে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা সম্মেলনস্থলে এসে তাঁদের কাউন্সিলর না করার প্রতিবাদে হইচই করেন। পরে নগর আওয়ামী লীগের নেতারা কাউন্সিল মুলতবি ঘোষণা করেন। দলীয় সূত্র জানায়, গতকাল দুপুরে ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। আসরের নামাজের আগে প্রথম অধিবেশন শেষে বিরতি দেওয়া হয়। প্রথম অধিবেশনে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও মন্ত্রী আফছারুল আমীন ও খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম অধিবেশনের পর বিরতি দেওয়া হলে নগর আওয়ামী লীগের নেতারা নামাজ আদায় করতে যান। এর মধ্যে হঠাৎ করে কিছু যুবক অধিবেশনস্থলে এসে চেয়ার ছোড়াছুড়ি করে। নামাজ শেষ হওয়ার পরই উচ্ছৃঙ্খল যুবকদের তাড়িয়ে দেওয়া হয়। পরে দ্বিতীয় অধিবেশন শুরু হলে স্থানীয় কয়েকজন নেতা কাউন্সিলর হতে না পেরে আপত্তি তোলেন। গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের কাউন্সিলর করা যায় কি না, তখন বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী ৬০ জন কাউন্সিলর হতে পারেন। গোসাইলডাঙ্গায় ৬০ জন কাউন্সিলর ভোটাভুটির জন্য তৈরি ছিলেন। কিন্তু দ্বিতীয় অধিবেশনে কয়েকজন নেতা কাউন্সিলর হতে না পেরে আপত্তি করেন। তখন আমরা তাঁদের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা শুরু করলে ইফতারের সময় ঘনিয়ে আসে।’ খোরশেদ আলম বলেন, মন্ত্রী আফছারুল আমীন আরেকটি অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যে ইফতারের সময় ঘনিয়ে আসে। তখন উপস্থিত কাউন্সিলরদের অনুরোধে সম্মেলন মুলতবি ঘোষণা করা হয়। নতুন কমিটি না হওয়া পর্যন্ত পুরোনো কমিটি দায়িত্ব পালন করবে।