
বেসরকারি এআইইউবি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ ইমরান অপহরণের মামলায় এজাহারভুক্ত ওয়ার্ড কাউন্সিলর আলমগীর ইসলাম ও গোলাম মোস্তফার গতকাল রোববার দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা ইমরান অপহরণ মামলার এজাহারভুক্ত নারায়ণগঞ্জের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর ইসলামকে সাত দিন ও গোলাম মোস্তফাকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গাজী আতাউর রহমান প্রথম আলোকে বলেন, কারাগারে থাকা আলমগীর ও গোলাম মোস্তফাকে আগামী দু-তিন দিনের মধ্যে রিমান্ডে এনে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। আসামিদের জবানবন্দি, মুঠোফোনের তালিকা ও পারিপার্শ্বিক তদন্তে জানা গেছে, ইমরান গত বছরের ৭ অক্টোবর নারায়ণগঞ্জে ওয়ার্ড কাউন্সিলর আলমগীরের হেফাজতে ছিলেন। এখনো ইমরান আলমগীরের লোকদের কাছেই আছেন। তাঁকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে।
সিআইডি সূত্র জানায়, ইতিপূর্বে অপহরণের মামলার এজাহারভুক্ত চারজনসহ পাঁচজন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর আলমগীরের ভাতিজা রিয়াজুল ইসলাম ও আরেকজন গোলাম মোহাম্মদ জামিনে রয়েছেন। বাকিরা কারাগারে আছেন। তাঁদের মধ্যে গোলাম মোস্তফা ও শাকিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ৭ অক্টোবর উত্তরার ১২ নম্বর সেক্টরের বাসা থেকে ইমরানকে তাঁর বন্ধু গোলাম মোস্তফা ডেকে নিয়ে যাওয়ার পর তিনি আর ফেরেননি। ইমরান রাজধানীর বনানীতে অবস্থিত বেসরকারি এআইইউবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র। ইমরান বাসায় ফিরে না আসায় দুই দিন পর ৯ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ ঘটনায় অপহরণের মামলা করতে গেলে উত্তরা পশ্চিম থানা প্রথমে মামলা নেয়নি। পরে আদালতের নির্দেশে ১ নভেম্বর থানা ওয়ার্ড কাউন্সিলর আলমগীরসহ চারজনের বিরুদ্ধে মামলা নেয়। মামলার বাদী ইমরানের বাবা লুৎফর রহমান।