দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ড এবং অপারেশন থিয়েটার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করার কাজ গতকাল বুধবারও অব্যাহত ছিল। দুই রোগীর শরীরে ধনুষ্টঙ্কারের জীবাণু পাওয়ার পর অন্যদের সুরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আগামী শনিবার থেকে ওই ওয়ার্ডে নতুন রোগী ভর্তি করা সম্ভব হবে।
সার্জারি ওয়ার্ডের ভেতরে চিকিৎসা ও অস্ত্রোপচার আপাতত বন্ধ রাখা হয়েছে। ধনুষ্টঙ্কারে আক্রান্ত ওই দুই রোগীকে দিনাজপুর জেনারেল হাসপাতালের সংক্রামক ব্যাধি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তিন সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে।
গতকাল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, সার্জারি বিভাগ ছাড়া কার্ডিওলজি, মেডিসিন, স্ত্রী ও প্রসূতিরোগ, অর্থোপেডিকস ও অন্যান্য বিভাগের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের চিকিৎসা কার্যক্রম ঠিকভাবে চলছে। সার্জারি বিভাগের করিডর ও বারান্দায় পুরুষ-নারীসহ শ খানেক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বলেন, সার্জারি বিভাগের ওয়ার্ড এবং অপারেশন থিয়েটারগুলোকে ধনুষ্টঙ্কারের জীবাণুমুক্ত করতে আগামীকাল (আজ) পর্যন্ত সময় লাগবে। প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হাসপাতালের বর্তমান অবস্থা এবং ধনুষ্টঙ্কারে আক্রান্ত দুই রোগীর চিকিৎসা বিষয়ে জানতে চাওয়ায় মন্ত্রণালয়কে বিস্তারিত জানানো হয়েছে।
ওই হাসপাতালে গত ১৫ সেপ্টেম্বর দুই রোগীর অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা ছাড়তে না চাইলেও স্বজনেরা নিজ দায়িত্বে ঈদের আগে দুই রোগীকে বাড়ি নিয়ে যায়। সেলাই খোলার জন্য হাসপাতালে ফেরার পর তাঁদের শরীরে গত সোমবার ধনুষ্টঙ্কারের জীবাণু শনাক্ত করা হয়।