চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের আগেই ওয়ার্ড পর্যায়ের সম্মেলন শুরু হচ্ছে আজ শুক্রবার। চট্টগ্রাম মহানগরের পূর্ব হালিশহর ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ডের সম্মেলন দিয়ে স্থানীয় আওয়ামী লীগ ঘর গোছানোর কাজে হাত দিচ্ছে। আজকের সম্মেলনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীসহ দলীয় নেতারা উপস্থিত থাকবেন। দলীয় সূত্র জানায়, আগামী ১ মার্চ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন। কেন্দ্র থেকেই ১ মার্চের মধ্যেই সম্মেলন শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। এর আগে ওয়ার্ড ও থানা এলাকার সম্মেলন শেষ করতে হবে। এর অংশ হিসেবে আজ পূর্ব হালিশহর ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ডের সম্মেলন দিয়ে ওয়ার্ড পর্যায়ের সম্মেলনের যাত্রা শুরু হচ্ছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। সময় বেশি নেই। তাই তৃণমূল থেকে আমরা সংগঠনকে এমন একটি ভিত্তির ওপর দাঁড় করাতে চাই, যাতে আগামী নির্বাচনে সংগঠনকে আবার ক্ষমতায় আনা যায়।’চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘তৃণমূলে কোনো বিরোধ নেই। তাঁরা বিরোধ পছন্দও করেন না। আমরা তাঁদের মনোভাবকে সর্বোচ্চ সম্মান দেখিয়ে তৃণমূল পর্যায়ের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই, যাতে আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়। সামনে বিরোধী দল তথা যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক অপশক্তির উত্থান মোকাবিলাও তাঁদের চ্যালেঞ্জ হবে। এই চ্যালেঞ্জে অবশ্যই তাঁদের জয়ী হতে হবে।’ পূর্ব হালিশহর ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, ‘আমাদের ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে তৃণমূল আওয়ামী লীগের সম্মেলন। আমরা সম্মেলনের জন্য প্রস্তুতি শেষ করেছি।’