ওয়ার্ডগুলোতে দুই দলেরই একাধিক কাউন্সিলর প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৫৭টি ওয়ার্ডের প্রায় প্রতিটিতেই কাউন্সিলর পদে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেরই একাধিক প্রার্থী আছেন। এতে দুই মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন দুই দলের নেতারা।তবে নেতারা এও বলছেন, প্রত্যেক কাউন্সিলর প্রার্থীকে মেয়র প্রার্থীর জন্য ভোট চাইতে বলা হয়েছে। তবে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখা গেছে, কাউন্সিলর প্রার্থীরা নিজেদের নিয়েই বেশি ব্যস্ত।আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতা বা সমর্থক কাউন্সিলর প্রার্থী হয়েছেন। ওই প্রার্থীরাই তাঁদের এলাকার নেতা হিসেবে সব সময় জাতীয় বা স্থানীয় নির্বাচনে দলের জন্য কাজ করেন। নিজেরা প্রার্থী হওয়ায় তাঁরা মেয়র প্রার্থীর জন্য ভোট চাওয়ার সুযোগই পাচ্ছেন না। তা ছাড়া তাঁদের স্থানীয় বলয়ের কর্মী ও আত্মীয়স্বজনেরাও তাঁদের কাউন্সিলর প্রার্থিতা নিয়ে বেশি ব্যস্ত রয়েছেন। এতে কিছুটা হলেও মেয়র প্রার্থীর জন্য সমস্যা হচ্ছে।সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডে দলীয় পরিচয়ে ছয়জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত এম এম হেলাল উদ্দিন ও নাসির উদ্দিন এবং বিএনপি-সমর্থিত আলম পাটোয়ারী, লিটন শেখ, শেখ মো. আলেক ও শাহজাহান সরকার। একটিমাত্র গ্রাম আউচপাড়া নিয়ে এই ওয়ার্ড গঠিত। ভোটার আছে ৩৫ হাজার। একইভাবে ৪১ নম্বর ওয়ার্ডে দলীয় পরিচয় রয়েছে এমন সাতজন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে আসাদ হোসেন খান, আবদুস সালাম ও সালাউদ্দিন বিএনপি-সমর্থিত প্রার্থী। আর নুরুল ইসলাম, বজলুর রহমান, মমেন মিয়া ও নজরুল ইসলাম আওয়ামী লীগ-সমর্থিত। গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সায়েদুল আলম বলেন, ‘একাধিক প্রার্থী হওয়ায় কিছুটা হলেও অসুবিধা হবে। তাঁদের ওপর অবশ্য নির্দেশ আছে মেয়রের ভোট চাওয়ার। আমরা এটা লক্ষ্য রাখছি, কে ভোট চাচ্ছে বা চাচ্ছে না।’জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান বলেন, কাউন্সিলর প্রার্থী একাধিক হওয়ায় ঘরে ঘরে মেয়র প্রার্থীর ভোট চাওয়া হচ্ছে না। তবে এতে বড় কোনো সমস্যা হবে না। কারণ, আজমত উল্লা খান এমনিতেই সাধারণ ভোটারদের কাছে পরিচিত।