ওয়ার্ডবয় থেকে ক্লিনিকের মালিক
ওয়ার্ডবয় থেকে তিনি তিন-তিনটি ক্লিনিকের মালিক হয়েছেন। এত দিন ভালোই ছিলেন। কিন্তু মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারে সর্বশেষ স্থাপিত গ্রামীণ নার্সিং হোম নামের ক্লিনিকে কদিন আগে ভুল চিকিৎসায় রোগী মারা যাওয়ায় বেকায়দায় পড়েছেন প্রতিষ্ঠানটির মালিক নুরুল আলম। বাড়ি তাঁর চুয়াডাঙ্গার মুসলিমপাড়ায়। রোগীর মৃত্যুর ঘটনায় গত রোববার ক্ষুব্ধ এলাকাবাসী হামলা চালিয়ে ক্লিনিকটিতে ভাঙচুর চালায়। এরপরও দুই মাস ধরে অবৈধভাবে চলা ক্লিনিকটি বন্ধ হয়নি।মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের আলম হোসেন জানান, পেটব্যথার কারণে চার-পাঁচ দিন আগে তাঁর স্ত্রী মাজেদা বেগমকে (৩৮) এই ক্লিনিকে ভর্তি করেন। পরীক্ষা-নিরীক্ষার পর নুরুল আলম রোগীর পিত্তথলিতে পাথর ও জরায়ুতে টিউমার আছে বলে জানান। তিনি জরুরি অস্ত্রোপচারের জন্য আট হাজার টাকা দাবি করেন। টাকা দেওয়ার পর ৬ জুন ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসক আব্দুল্লাহ্ আল-মামুন অস্ত্রোপচার করেন। তাঁর সঙ্গে ছিলেন ক্লিনিকের মালিক।নুরুল আলম দাবি করেন, তিনি ১৫ বছর ওয়ার্ডবয়ের কাজ করেছেন। এখন তিনি একজন চিকিৎসকের মতোই অভিজ্ঞ। তিনি আরও জানান, চুয়াডাঙ্গায় ছয় বছর ধরে নোভা নামে একটি এবং তিন বছর ধরে গ্রামীণ নার্সিং হোম নামে আরেকটি ক্লিনিক চালাচ্ছেন। তবে ১২টি শয্যা ও একজন সেবিকা নিয়ে বারাদীর এই ক্লিনিকটি চালু করেছেন দুই মাস আগে। তবে ক্লিনিকটির সরকারি অনুমোদন নেই বলে স্বীকার করেছেন নুরুল আলম। রোগীর মৃত্যু সম্পর্কে তিনি বলেন, অস্ত্রোপচারে কিছুটা ভুল থাকায় রোগী মারা যান। তবে ৬০ হাজার টাকা ব্যয়ে ঝামেলাটা তিনি মিটিয়ে ফেলেছেন।চিকিৎসক আব্দুল্লাহ্ আল-মামুন জানান, সপ্তাহে দুই দিন তিনি এখানে অস্ত্রোপচার করেন। ওই রোগীর অস্ত্রোপচারে কোনো ভুল ছিল না বলে দাবি করেন তিনি। তাঁর অনুপস্থিতিতে রক্ত দেওয়া হয়। তখনই রোগী মারা যায়। তবে ক্লিনিকটি যে অবৈধ তা তাঁর জানা ছিল না। সিভিল সার্জন আবদুস শহীদ জানান, এটি সম্পূর্ণ অবৈধ একটি ক্লিনিক। এটি বন্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।