ওয়ার্ডসংখ্যা নির্ধারণ ও সীমানার গেজেট পাঠানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে কুমিল্লা সিটি করপোরেশনের ওয়ার্ডসংখ্যা নির্ধারণ ও ওয়ার্ডভিত্তিক সীমানার গেজেট নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হবে। অন্যথায় ১৮০ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না। গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (পৌর-১) মো. আবদুল বাতেন স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানানো হয়। কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান ওই চিঠির কথা নিশ্চিত করেন। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (পৌর-১) মো. আবদুল বাতেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ৩৪(১)(ক) অনুসারে সিটি করপোরেশন প্রথমবার গঠনের ক্ষেত্রে আইন বলবৎ হওয়ার পর ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। সে অনুসারে ২০১২ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান গতকাল দুপুরে বলেন, কুমিল্লা সিটি করপোরেশনের ওয়ার্ডভিত্তিক সীমানা নেই। যে কারণে নতুন করে জনসংখ্যার অনুপাতে ওয়ার্ডবিন্যাস করা হবে। এতে কারও আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে ওয়ার্ডভিত্তিক সংখ্যা ও সীমানার গেজেট প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রশাসক নিয়োগ: কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. নাসির উদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার তাঁর ওই পদে যোগদান করার কথা রয়েছে।