ওয়ার্ডে ওয়ার্ডে কুকুর বিড়ালের উৎপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাচ্চা তুলে সংসার পেতে বসেছে বিড়াল। বারান্দায় শুয়ে থাকা রোগীর পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে কুকুর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে কুকুর–বিড়ালের এমন উৎপাত রোজকার দৃশ্য। ছবিগুলো রোববার দুপুরে তোলা l প্রথম আলো
বাচ্চা তুলে সংসার পেতে বসেছে বিড়াল। বারান্দায় শুয়ে থাকা রোগীর পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে কুকুর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে কুকুর–বিড়ালের এমন উৎপাত রোজকার দৃশ্য। ছবিগুলো রোববার দুপুরে তোলা l প্রথম আলো

ওয়ার্ডে বাচ্চা তুলে রীতিমতো সংসার পেতেছে বিড়াল। আয়েশি ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে কুকুর। এই দৃশ্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের। রোগীর স্বজনদের এই হাসপাতালে ঢুকতে হলে জরুরি বিভাগ থেকে পাস নিতে হয়। হাসপাতালের কর্মচারীরা পাস দেখে তাদের ভেতরে ঢুকতে দেন। অথচ এই হাসপাতালের ওয়ার্ডে কুকুর-বিড়ালের অবাধ বিচরণ নিয়ে কারও মাথাব্যথা নেই।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এগুলো দেখার দায়িত্ব সিটি করপোরেশনের। তাদের একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। সিটি করপোরেশন বলছে উল্টো কথা। তাদের ভাষ্য, কুকুর দেখে রাখার দায়িত্ব সিটি করপোরেশনের নয়। যার এলাকা তাকেই কুকুরমুক্ত রাখতে হবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সব সময় শয্যার চেয়ে প্রায় দেড় গুণ বেশি রোগী চিকিৎসাধীন থাকে। এ জন্য রোগীদের শয্যা-সংকট লেগেই থাকে। তাদের হাসপাতালের মেঝেতে ও বারান্দায় থাকতে দেওয়া হয়। হাসপাতালে প্রায়ই দেখা যায়, বারান্দায় শুয়ে থাকা রোগীদের গা ঘেঁষে কুকুর ঘুরে বেড়াচ্ছে। দেখা যায়, যে ট্রলিতে করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ট্রলির নিচ দিয়ে একটি কুকুরও হেঁটে যাচ্ছে। কেউ কুকুর নিয়ে মাথা ঘামায় না।

গত ২০ জুলাই হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, কয়েক দিন আগে প্রসব করা বিড়ালের দুটি বাচ্চা দিব্যি হাসপাতালের ওয়ার্ড দাপিয়ে বেড়াচ্ছে। আবার দুটি বাচ্চা ওয়ার্ডের মধ্যে মজা করে খেলছে। দেখা গেল, শয্যাপাশের যে তাকিয়ায় রোগীর জন্য খাবার ও অন্যান্য জিনিস রাখা, তার ওপর উঠে বিড়ালের বাচ্চা দুটি বসে আছে। আবার অস্ত্রোপচার করা রোগীর শয্যার নিচে যে থলেতে রক্ত-পুঁজ জমা হচ্ছে, সেই ব্যাগের ওপরেও বিড়ালের বাচ্চা উঠে বসে আছে।

একজন রোগীর স্বজন নাজমুল ফেরদৌস বলেন, বিড়ালের বাচ্চারা তাদের ব্যাগের মধ্যে উঠে বসে থাকছে। নামিয়ে দিলে আবার উঠছে। খাবারে মুখ দিচ্ছে। সব সময় দেখে রাখা যায় না। হাসপাতালের কর্মচারীরা দেখছেন, কেউ কিছু বলছেন না। কয়েক দিন আগে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ফারুক হোসেন নামের এক রোগী। তিনি বলেন, এমনিতেই তাদের গা ঘেঁষে মানুষ জুতা-সেন্ডেল পরে হেঁটে যাচ্ছে। তাদের পায়ের ধুলা এসে নাকে লাগছে। একইভাবে শয্যার পাশ দিয়ে কুকুর হেঁটে যাচ্ছে।

৩০ জুলাই দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, বারান্দা দিয়ে একসঙ্গে কয়েকটি কুকুর হেঁটে যাচ্ছে। একজন রোগীকে ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ট্রলির নিচ দিয়ে অনায়াসে একটি কুকুরও হেঁটে যাচ্ছে। কেউ বাধা দিচ্ছে না।

রাজশাহী কলেজের শিক্ষার্থী মিঠন আলী সরদার বলেন, পাস ছাড়া হাসপাতালের ভেতরে ঢুকতে দেওয়া হয় না। তাঁদের এক ঘনিষ্ঠ বন্ধু অসুস্থ হয়েছিলেন। পাস না থাকার কারণে কাছের মানুষটিকে অসুস্থ অবস্থায় তাঁরা দেখতে যেতে পারেননি। তিনি বলেন, তাঁরা শুনেছেন, কর্তৃপক্ষ মনে করে, অতিরিক্ত মানুষ থাকলে হাসপাতালের পরিবেশ নষ্ট হয়। কিন্তু কুকুর-বিড়াল তো জীবাণু ছড়ায়। কর্তৃপক্ষ এদের কী করে ভেতরে ঢুকতে দেয়।

জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম বলেন, কুকুর দেখার দায়িত্ব সিটি করপোরেশনের। তাদের একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন ডলার বলেন, এ অভিযোগ ঠিক নয়। যার এলাকা তাকেই কুকুরমুক্ত রাখতে হবে। এটা সিটি করপোরেশনের দায়িত্ব নয়। তবে তাঁরা আদালতের নিষেধাজ্ঞার কারণে কুকুর নিধন করছেন না।