ওয়ার্ডে দুর্গন্ধ-যন্ত্রণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু কায়িফ ৩২ দিন আগে পৃথিবীর আলো-বাতাসের স্পর্শ পায়। গত বুধবার আবার পৃথিবী ছেড়ে চলে যায়। অসময়ে চলে যাওয়ার কারণ নিউমোনিয়া। আক্রান্ত হওয়ার পর তাকে নেওয়া হয় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।পরিবারের অভিযোগ, চিকিৎসকের দেখা নেই। তার ওপর দুর্গন্ধে টিকে থাকা দায়। বাধ্য হয়ে ওই দিনই হাসপাতাল ছাড়তে হয়। ঢাকায় নিয়ে যাওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়। তবে দুর্গন্ধ-যন্ত্রণা নিয়েই ছয় দিনে ৪০ জন ডায়রিয়া ও ১৬ জন নিউমোনিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। চিকিৎসা দেওয়া হয়েছে দেড় শতাধিক আক্রান্তকে। এর ৯৫ শতাংশই শিশু।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ডিসেম্বরের প্রথম দিন থেকে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। প্রতিদিন গড়ে হাসপাতালে ৩৫ থেকে ৪০ জন রোগী আসছে। মুমূর্ষু রোগীদের পাঠানো হচ্ছে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে বা ঢাকায়।গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫০ শয্যার হাসপাতালটিতে শিশু ওয়ার্ড নেই। সাধারণ ওয়ার্ডে অন্যান্য রোগীর সঙ্গে শিশুদের রাখা হয়েছে। যেখানে-সেখানে মলমূত্র পড়ে আছে। পরিষ্কার করার কেউ নেই। উপজেলার গাইলকাটা এলাকার শিশু কায়িফের বাবা মো. আমান উল্লাহ বলেন, বাধ্য হয়ে হাসপাতাল ছাড়তে হয়েছিল। হাসপাতালে শিশু নাহিদার (৯) নিউমোনিয়ার চিকিৎসা চলছে। মা হালিমা বেগম বলেন, ‘কী করুম, নাকে ভাস (দুর্গন্ধ) লইয়া আছি।’ তোফাজ্জলের (৮) মা মরজিনা বেগম বলেন, ‘গন্ধ যেমন-তেমন, ওষুধ তো পাই না। ডাক্তরও আইয়ে না। খালি নার্স দেখতাছে।’ দুর্গন্ধের কারণ জানতে চাইলে নার্স ইনচার্জ পূরবী রাণী বিশ্বাস বাস্তবতা বোঝার অনুরোধ জানিয়ে বলেন, ‘একজন ঝাড়ুদার দিয়ে কি সবকিছু সামাল দেওয়া যায়? ঝাড়ুদারের ছয় পদের মধ্যে পাঁচটিই শূন্য।’ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আমাদের কাছে যা আছে, তা দিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছি।’ কায়িফের মৃত্যুর ব্যাপারে তিনি বলেন, হাসপাতালে আনার সময় পরিস্থিতি ভালো ছিল না। তার ওপর দুর্গন্ধের কথা বলে নিয়ে যাওয়ার কারণে সমস্যাটি হয়ে গেছে।