লাইলী বেগম বুকের ব্যথা নিয়ে গত বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হূদরোগ বিভাগে ভর্তি হন। রোগী বেশি থাকায় তাঁর জায়গা হয় ওয়ার্ডের মেঝেতে। গতকাল শনিবার সকালে তাঁকে ওয়ার্ডের প্রধান ফটকের বাইরে বারান্দায় এনে রাখা হয়। কারণ, ওয়ার্ডের রোগী রাখার স্থানে তখন ডক্টর অব মেডিসিন (এমডি) পরীক্ষার চূড়ান্ত পর্ব চলছিল। এই পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন মাত্র তিনজন। হাসপাতাল ঘুরে দেখা গেছে, ওই পরীক্ষার জন্য এ রকম অন্তত ২৫ রোগীকে সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা সিঁড়িবারান্দায় থাকতে হয়। পরীক্ষা শেষে বেলা দুইটায় তাঁদের বিভাগের ভেতরে নিয়ে যাওয়া হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, পরীক্ষাকক্ষ সংকটের কারণে এভাবে কিছু রোগীকে বাইরে রেখে প্রতিবারই পরীক্ষা নিতে হয়। নুরুল আলম নামে এক রোগী অভিযোগ করেন, পাঁচ ঘণ্টা বাইরে থাকার সময় তাঁদের কোনো চিকিৎ সাসেবা দেওয়া হয়নি। অভিযোগ অস্বীকার করে (১২ নম্বর ওয়ার্ডের) হূদরোগ বিভাগের প্রধান অধ্যাপক মঞ্জুর মোরশেদ বলেন, ‘পরীক্ষার জন্য আমাদের আলাদা কোনো কক্ষ নেই। প্রায় প্রতিদিনই বারান্দা কিংবা ফটকের বাইরে রোগী রাখতে হয়। আজ (গতকাল) তার সঙ্গে পরীক্ষার জন্য বাড়তি কিছু রোগীকে কিছুক্ষণের জন্য বাইরে রাখতে হয়েছে। তবে এসব রোগীকে আমরা নিজেরা গিয়ে দেখেছি।’ জানা গেছে, এমডি কোর্সের চূড়ান্ত পর্বের পরীক্ষায় একজন পরীক্ষার্থীকে একাধিক রোগী পরীক্ষা করে দেখতে হয়। এ জন্য আগে থেকে রোগী নির্বাচন করে রাখা হয়। এসব রোগী দেখার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও ওয়ার্ডে রাখতে হয়। এসব কারণে গতকাল ওয়ার্ডে সুপরিসর জায়গা করে দিতে ওই ২৫ জন রোগীকে ওয়ার্ডের বাইরে নিয়ে রাখা হয়। জানা গেছে, ৬৫ শয্যার হূদরোগ বিভাগে গতকাল শনিবার রোগী ভর্তি ছিল ১৬০ জন। যার কারণে মেঝেতে ও বারান্দায় সব সময় রোগী রাখা হয় বলে চিকিৎ সকেরা জানান। অনেক সময় প্রধান ফটকের বাইরে রোগী রাখা হয় বলেও জানা গেছে।মঞ্জুর মোরশেদ বলেন, ‘প্রতিবার পরীক্ষার সময়ই কিছু রোগীকে ওয়ার্ডের বাইরে এনে রাখা হয়। তিন মাসের মধ্যে নতুন একটি ভবনে আমাদের কিছু শয্যা দেওয়া হবে। ওটা হলে সমস্যা অনেকাংশে সমাধান হয়ে যাবে।’