ওয়ার্ডে রোগীর পাশে ছাগল
কক্সবাজারের টেকনাফ উপজেলায় আড়াই লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র প্রতিষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেই হাসপাতালে এসে রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। চিকিৎসক, সেবক-সেবিকা ও যন্ত্রপাতির সংকটের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজেই ‘রোগাক্রান্ত’ হয়ে পড়েছে। সরেজমিনে বিভিন্ন ওয়ার্ডে গরু, ছাগল ও কুকুর ঘুরে বেড়াতে দেখা গেছে।হাসপাতাল সূত্র জানায়, এ হাসপাতালে চিকিৎসকের ১১টি পদ থাকলেও সাতটি দীর্ঘদিন ধরে শূন্য। সেবিকার ১০টি পদ থাকলেও প্রায় তিন বছর ধরে আটটি পদ শূন্য। এ ছাড়া ল্যাবরেটরি টেকনিশিয়ানের দুটি, ফার্মাসিস্ট দুটি, ওয়ার্ড বয় একটি, এমএলএসএস চারটি ও আয়ার চারটি পদ শূন্য রয়েছে। দারোয়ানের দুটি ও ঝাড়ুদারের ছয়টি পদ থাকলেও চারটি পদ শূন্য আছে। স্ত্রীরোগ-বিশেষজ্ঞ ও জুনিয়র কনসালট্যান্ট এনেসথেশিয়ার পদটি দীর্ঘদিন ধরে শূন্য। হাসপাতালটিতে প্রতিদিন ২০ থেকে ২৫ জন রোগী ভর্তি থাকে। বহির্বিভাগে প্রতিদিন ২০০ থেকে ২৫০ জন এবং জরুরি বিভাগে প্রতিদিন ৩০-৪০ জন রোগী চিকিৎসা নেয়।গত ৩ এপ্রিল সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের ডায়রিয়া, মহিলা ও পুরুষ ওয়ার্ডে কুকুর বিচরণ করছে। এখানে জেনারেটর থাকলেও তা নষ্ট হয়ে পড়ে আছে। বিদ্যুৎ চলে যাওয়ার পর গোটা হাসপাতাল অন্ধকারে তলিয়ে যায়।কুকুর রোগীদের খাবার খেয়ে ফেলছে বলে অভিযোগ তোলেন টেকনাফ পুরানপল্লান পাড়ার বাসিন্দা নুরুল আমিন। তিনি বলেন, ‘রোগীরা ঠিকমতো যেখানে চিকিৎসা পাচ্ছে না, সেখানে কুকুর পাহারা দেবে কে!’পরদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, কয়েকটি গরু এর বারান্দা দখল করে নিয়েছে।নিউমোনিয়ায় আক্রান্ত টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়ার এক রোগীর অভিভাবক মদিনা বেগম ও কচুবনিয়ার তসলিমা আক্তার অভিযোগ করেন, রোগীদের সরকারি কোনো ওষুধ দেওয়া হয় না। বাইরে থেকে ওষুধ কিনে এনে সেবিকাদের দিয়ে খাওয়াতে হচ্ছে। হাসপাতালে প্রতিদিন যে খাবার দেওয়া হয়, তা খুবই নিম্নমানের। চিকিৎসা কর্মকর্তা আজমুল ইসলাম বলেন, হাসপাতালটি টেকনাফ সদরে হলেও বিদ্যুতের সমস্যা তো আছেই। শ্বাসকষ্টে ভোগা রোগীদের নেবুলাইজার দেওয়ার জন্য বিদ্যুৎ খুব জরুরি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাফফর আহমদ বলেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি, জেনারেটর, লোকবলের স্বল্পতার কারণে হাসপাতালের প্রয়োজনীয় ও মূল্যবান জিনিসপত্রের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আসা রোগীদের মালামালও চুরি হয়ে যাচ্ছে।