ওয়ার্ডের দেয়ালে ধস, আতঙ্কে রোগীরা বারান্দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডের দেয়াল গত শুক্রবার রাতে ধসে পড়ে। এ সময় ধস ঠেকাতে লোহার খুঁটি দিয়ে ছাদের বিমের সঙ্গে ঠেকনা দেওয়া হয়। ইনসেটে দুর্ঘটনার আশঙ্কায় বারান্দায় সরিয়ে নেওয়া রোগীদের একাংশ l ছবি: প্রথম আলো
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডের দেয়াল গত শুক্রবার রাতে ধসে পড়ে। এ সময় ধস ঠেকাতে লোহার খুঁটি দিয়ে ছাদের বিমের সঙ্গে ঠেকনা দেওয়া হয়। ইনসেটে দুর্ঘটনার আশঙ্কায় বারান্দায় সরিয়ে নেওয়া রোগীদের একাংশ l ছবি: প্রথম আলো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডের দেয়ালের কিছু অংশ ধসে পড়েছে। গত শুক্রবার রাতের ওই ঘটনার পর নিরাপত্তার কথা চিন্তা করে চারটি ওয়ার্ডের রোগীদের বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে ৭ নম্বর ওয়ার্ডের দেয়ালের কয়েক ফুট ধসে পড়ে। এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার রাতেই ওই ওয়ার্ড ছাড়াও একই সারির ১৪ ও ১৭ নম্বর ওয়ার্ডের রোগীদের বারান্দায় স্থানান্তর করে। গতকাল শনিবার সকালে ৪ নম্বর ওয়ার্ডের রোগীদেরও বারান্দায় স্থানান্তর করা হয়।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, রোগীদের গাদাগাদি করে বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চারটি ওয়ার্ডে প্রায় ৪৫০ জন রোগী আছেন।
৭ নম্বর ওয়ার্ডের রোগী আবদুর রশিদ বলেন, তিনি মূত্রথলির সংক্রমণে আক্রান্ত। গত শুক্রবার রাতে বারান্দায় আনার পর থেকেই তাঁর চিকিৎসা ব্যাহত হচ্ছে। ৪ নম্বর ওয়ার্ডের (গাইনি) বেশ কয়েকজন রোগী বলেন, বারান্দায় আনার পর থেকেই তাঁদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। ৭ নম্বর ওয়ার্ডের এক সেবিকা বলেন, বারান্দায় স্থানান্তর করায় রোগীদের পাশাপাশি তাঁদেরও ভোগান্তি হচ্ছে।
হাসপাতাল সূত্রে আরও জানা যায়, হাসপাতালের বেশ কিছু ওয়ার্ড কয়েক বছর ধরেই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে কয়েকটি ওয়ার্ডের সংস্কারকাজও করা হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক লক্ষ্মীনারায়ণ মজুমদার বলেন, নিরাপত্তার কথা ভেবেই তাৎক্ষণিক রোগীদের বারান্দায় সরিয়ে নেওয়া হয়েছে। আজ সংশ্লিষ্ট বিভাগের প্রধানদের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে ওই চারটি ওয়ার্ডের রোগীদের নতুন ভবনে স্থানান্তর করা হবে।