ওয়ার্ল্ড কনসার্নের রজতজয়ন্তী উদ্যাপন
অর্থনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। গতকাল বুধবার সকালে মোহাম্মদপুরে আসাদ অ্যাভিনিউর সিবিসিবি সেন্টারে প্রতিষ্ঠানটির রজতজয়ন্তী উৎসব উদ্যাপন করা হয়।
সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ার্ল্ড কনসার্নের সভাপতি জাসিন্তা প্যাট্রেশিয়া টেগমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. আসাদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুল ইসলাম বলেন, বাংলাদেশের আর্থসামাজিক খাতে দেশি-বিদেশি বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এদের মধ্যে ওয়ার্ল্ড কনসার্ন অন্যতম।
ওয়ার্ল্ড কনসার্নের প্রেসিডেন্ট জাসিন্তা প্যাট্রেশিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড কনসার্নের সহসভাপতি নিকোলাস আর্চার, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রদীপ দাওয়া, এশিয়া এরিয়ার পরিচালক মার্ক এস্টেস প্রমুখ।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশে ১৯৯১ সালে এর যাত্রা শুরু করে। বর্তমানে সংস্থাটি সাতটি প্রকল্পের অধীনে ১৭টি জেলায় প্রায় এক লাখ মানুষের মাঝে সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। বিজ্ঞপ্তি।