ওয়ার্ল্ড প্রেস ফটোতে বাংলাদেশের সোহান পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মাসফিকুর আখতার সোহানের পুরস্কারজয়ী ‘ওয়াচ হাউস বার্ন’।
মো. মাসফিকুর আখতার সোহানের পুরস্কারজয়ী ‘ওয়াচ হাউস বার্ন’।

ওয়ার্ল্ড প্রেস ফটোর ৬১তম আসরে ‘জেনারেল নিউজ’ বিভাগে তৃতীয় পুরস্কার জিতেছেন বাংলাদেশের মো. মাসফিকুর আখতার সোহান। গতকাল বৃহস্পতিবার পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে নেদারল্যান্ডসভিত্তিক ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশন।

ফটোসাংবাদিক মো. মাসফিকুর আখতার সোহান রোহিঙ্গা-সংশ্লিষ্ট একটি ছবির জন্য এই পুরস্কার জেতেন। তাঁর ‘ওয়াচ হাউস বার্ন’ শীর্ষক ছবিটিতে দেখা যায়, কক্সবাজারের একটি আশ্রয়শিবির থেকে মিয়ানমারে নিজেদের ঘরবাড়ি পুড়তে দেখছে রোহিঙ্গারা। গত বছরের ৯ সেপ্টেম্বর সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করেন মাসফিকুর আখতার। গত বছরের আগস্টের শেষের দিকে মিয়ানমার থেকে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসা শুরু করে রোহিঙ্গারা।

‘জেনারেল নিউজ’ বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট্রিক ব্রাউন এবং দ্বিতীয় পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের রিচার্ড সং-তাতারি।

মো. মাসফিকুর আখতার সোহান।
মো. মাসফিকুর আখতার সোহান।

পুরস্কার গ্রহণের পর মাসফিকুর আখতার প্রথম আলোকে বলেন, ‘একজন বাংলাদেশি হিসেবে এই পুরস্কার পাওয়া অবশ্যই আনন্দের। আরও ভালো লাগত যদি নিজে গিয়ে পুরস্কারটা গ্রহণ করতে পারতাম। গতকালই আমস্টারডামে পুরস্কার দেওয়া হয়। কিন্তু ভিসা না হাওয়ায় যেতে পারিনি।’

ফটোসাংবাদিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মাননা হলো ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার। এবার বিশ্বের ৭৩ হাজার ৪৪টি ছবি জমা পড়ে। ১২৫টি দেশ থেকে ৪ হাজার ৫৪৮ জন ফটোসাংবাদিক এতে অংশ নেন। ভেনেজুয়েলার ফটোসাংবাদিক রোনালদো শিমিট জিতেছেন ‘ফটো অব দ্য ইয়ার’।