ওয়ার্ল্ডটেলের সুইচরুম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একটি বেসরকারি ল্যান্ডফোন কোম্পানির সঙ্গে অবৈধ ভিওআইপির (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ জন্য রাজধানীর মধ্য বাড্ডায় ফ্যাসিলিটিজ টাওয়ারের অষ্টম ও নবম তলায় অবস্থিত ওয়ার্ল্ডটেলের সুইচরুম বন্ধ (সিল) করে দিয়েছে বিটিআরসি। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। গতকাল বুধবার বিটিআরসির জ্যেষ্ঠ উপদেষ্টা জিয়ান শাহ কবির প্রথম আলোকে জানান, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দেড়টা পর্যন্ত বিটিআরসি ও র‌্যাব অভিযান চালায়। এ সময় সুইচরুমের গ্রাহকসংখ্যা ও কল ট্রাফিকের মধ্যে বিশাল বৈষম্য খুঁজে পান বিটিআরসির প্রকৌশলীরা। এই বৈষম্য থেকেই প্রমাণ করে যে ওয়ার্ল্ডটেল অবৈধ ভিওআইপির সঙ্গে সংযুক্ত। তিনি জানান, অভিযানকালে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বারবার অনুরোধ করা হলেও কেউই হাজির হননি। সে সময় প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী ছাড়া কেউ উপস্থিত ছিলেন না। আর সুইচরুমের ভেতর ভিওআইপি করতে প্রয়োজনীয় যন্ত্রাংশ—দুটি মাল্টি প্লেক্সার ও ১৬টি ই-ওয়ান পাওয়া গেছে। জিয়ান শাহ বলেন, তদন্ত করে দেখা গেছে, প্রতিষ্ঠানের অনেক সংযোগ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে নিবন্ধিত রয়েছে। কিন্তু বাস্তবে ওই সব পরিচয়ে কোনো গ্রাহকের অস্তিত্ব নেই। এসব সংযোগ মূলত ভিওআইপির কাজে ব্যবহার করার প্রমাণ পাওয়া গেছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাইম মেহতাবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। প্রসঙ্গত, মাত্র তিন দিন আগে ভিওআইপির অভিযোগে ঢাকা ফোনের চেয়ারম্যান ও মহাব্যবস্থাপকসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।