ওয়ালটন কারখানায় অর্থ প্রতিমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘ওয়ালটন বাংলাদেশের শিল্পায়নের মডেল হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম দেখে মনে হলো, আমরা আধুনিক প্রযুক্তিশিল্পে প্রবেশ করেছি।’
প্রতিমন্ত্রী গত রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রীর পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরবি গ্রুপের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনেওয়াজ দিলরুবা খান, ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর কর্নেল (অব.) এম এ কাদের, ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর ইউসুফ আলী প্রমুখ।
এর আগে এম এ মান্নান সকাল সাড়ে ১০টায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজে পৌঁছালে সেখানে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিমন্ত্রী কারখানায় কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এরপর তাঁকে কারখানা এবং ওয়ালটনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানানো হয়। পরে তিনি প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার এবং বিভিন্ন উৎপাদন ইউনিট পরিদর্শন করেন।