ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ কুইজের মেগা ড্র ও পুরস্কার বিতরণ
রাজধানীর শেরাটন হোটেলে গতকাল মঙ্গলবার ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ কুইজের মেগা ড্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ড্রতে প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল জিতেছেন ঢাকার কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির আজিজ হলের আবাসিক শিক্ষার্থী শাহিনুর রহমান। দ্বিতীয় পুরস্কার একটি ৪২ ইঞ্চি এলসিডি টেলিভিশন পেয়েছেন ঢাকার খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানের আহমাদুল ইসলাম হাওলাদার এবং তৃতীয় পুরস্কার একটি ফ্রিজার পেয়েছেন নারায়ণগঞ্জ সোনালী ব্যাংক করপোরেট শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শেখ মোহাম্মদ আলমগীর।বিশ্বকাপ কুইজের এই মেগা ড্রতে আনুমানিক তিন লাখ কুপনের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের কুপন তোলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় ও বর্তমান অধিনায়ক আমিনুল হক।মেগা ড্রয়ের সঙ্গে সঙ্গে বিজয়ীদের ফোন করে পুরস্কার জেতার সুখবরটি জানানো হয়। ফোন পেয়ে মূল অনুষ্ঠান শেষ হওয়ার পর পরই মেগা ড্রয়ের প্রথম ও দ্বিতীয় বিজয়ীরা পুরস্কার নিতে শেরাটন হোটেলে চলে আসেন। এর আগে ওয়াল্টন-প্রথম আলো বিশ্বকাপ কুইজের চার পর্বের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চার পর্বের ৫২ জন বিজয়ীর মধ্যে ৪৩ জন গতকাল পুরস্কার নেন। বাকিদের প্রথম আলো কার্যালয় থেকে পুরস্কার সংগ্রহ করতে বলা হয়েছে।মেগা ড্র ও পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান, মহাব্যবস্থাপক রাশিদুর রহমান ও উপক্রীড়া সম্পাদক পবিত্র কুন্ডু এবং ওয়ালটনের পরিচালক (পি আর অ্যান্ড মিডিয়া) হুমায়ুন কবীর, পরিচালক (বিপণন) এমদাদুল হক সরকার ও জ্যেষ্ঠ উপপরিচালক ইকবাল বিন আনোয়ার।অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জাকারিয়া পিন্টু বাংলাদেশের ফুটবলকে উৎসাহিত করতে সব মহলকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান। ড্র ও পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন। বিশ্বকাপ ফুটবল ২০১০ উপলক্ষে ১৩টি কুইজের আয়োজন করে প্রথম আলো। এর মধ্যে ছিল এসএমএস কুইজ, অনলাইন কুইজ, আঞ্চলিক, বিভাগীয়, সাপ্তাহিক, পর্বভিত্তিক কুইজের আয়োজন।