ওয়ালিদের অনশন চলছে, সংহতি বাড়ছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে ওয়ালিদ আশরাফের অনশন চলছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গতকাল রোববার পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। উল্টো প্রক্টর বলছেন, আন্দোলনকারীরা নৈরাজ্য চালিয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
গত ২৫ নভেম্বর বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ালিদ এককভাবে অনশনে বসেন। গতকাল অষ্টম দিন পর্যন্ত বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠন পৃথক ও জোটগতভাবে তাঁর সঙ্গে সংহতি জানিয়েছে। ঢাকা, জগন্নাথসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও একাত্মতা পোষণ করেছেন।
এর মধ্যে গত শনিবার সন্ধ্যায় ওয়ালিদ অসুস্থ হয়ে পড়লে আন্দোলনকারী লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে স্যালাইন নেওয়ার পরামর্শ দেন। কিন্তু শিক্ষার্থীরা বলছেন, গতকাল পর্যন্ত তিনি স্যালাইন না নিয়ে পানি খেয়েই অনশন চালিয়ে যাচ্ছেন। এখনো তিনি স্মৃতি চিরন্তনে (উপাচার্যের বাসভবনের সামনে) অবস্থান করছেন।
ওয়ালিদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ প্রথম আলোকে বলেন, ডাকসুর মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচন না করলে সিনেট পূর্ণাঙ্গ হবে না।
অনশনে সংহতি জানানো আন্দোলনকারী লোকজনের দেয়াললিখন ও পেইন্টিং চলছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকাজুড়ে তাঁরা চিকা মারছেন। গত শনিবার সন্ধ্যায় তাঁরা মিছিল করে সহ-উপাচার্যের বাসভবনের (যেখানে বর্তমান উপাচার্য মো. আখতারুজ্জামান থাকেন) সামনে গিয়ে ফটকে চিকা মেরে আসেন।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী গতকাল প্রথম আলোকে বলেন, ‘ডাকসুর বিষয়ে কারও কোনো দ্বিমত থাকার সুযোগ নেই। এ জন্য তাকে সুযোগ দেওয়া হয়েছে। যেখানে সে অনশন করছে, সেটি যে শহীদদের স্মৃতিবিজড়িত একটি স্থান, সেটি নিয়েও আমরা এত দিন কিছু বলিনি। কিন্তু এখন তারা যেটা করছে, সেটা নৈরাজ্য। এ ধরনের গর্হিত কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
প্রক্টর বলেন, ‘একাধিক কোর্সে ভর্তি হয়ে ছাত্রটি নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দাবি করছে। মনে হচ্ছে, বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে আন্দোলনের নামে চলমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।’
ওয়ালিদ আশরাফ প্রথম আলোকে বলেন, ‘আমি অনশনে থাকব, দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছি, হয়তো কিছুদিন পর থাকব না। একটি বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন না হয়, তা কখনোই মেনে নেওয়া যায় না। আজ আমি মাঠে নেমেছি, আমি চাই হলগুলোতে থাকা ছাত্ররাও যেন তাদের অধিকার আদায়ের জন্য মাঠে নামে।’