ওয়াশিকুর হত্যাকাণ্ড 'জেগে ওঠার ডাক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার এক মাস পেরোতে না পেরোতেই ব্লগার ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যার ঘটনা বাংলাদেশের সরকারের প্রতি ‘জেগে ওঠার ডাক’ বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
গত সোমবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ওয়াশিকুর হত্যাকে বাংলাদেশ সরকারের প্রতি ‘জেগে ওঠার ডাক’ ধরে নিয়ে সাংবাদিক ও অনলাইন অ্যাকটিভিস্টদের মতপ্রকাশের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।
এ ছাড়া ওয়াশিকুর হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, ফ্রান্স ও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। হত্যার খবরটি মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস, মার্কিন অনলাইন পত্রিকা ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর ডটকম ও ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট ফলাও করে প্রকাশ করেছে।
গত সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়ী দীপিকার মোড়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ওয়াশিকুরকে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে দুজনকে আটক করেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশবিষয়ক গবেষক আব্বাস ফয়েজ বলেন, অভিজিতের হত্যাকাণ্ডের পর কর্তৃপক্ষের উচিত ছিল ব্লগার ও ঝুঁকির মুখে থাকা এ ধরনের ব্যক্তিদের নিরাপত্তার ব্যবস্থা করা। কিন্তু ওয়াশিকুরের হত্যাকাণ্ডে স্পষ্ট উদাহরণ সৃষ্টি হয়েছে যে বাংলাদেশ সরকার তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি প্রশ্ন করেন, নিরাপত্তার বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আগে আর কতজন ব্লগারকে আক্রমণের মুখে পড়তে হবে?
আব্বাস ফয়েজ বলেন, এসব হত্যার ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে ঝুঁকির মুখে থাকা ব্লগার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক গত সোমবার সংস্থার সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ওয়াশিকুর হত্যা প্রসঙ্গে বলেন, ‘আপাতত জাতিসংঘের কোনো কর্মকর্তা বিষয়টি নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে যাচ্ছেন না। তবে অবশ্যই আমরা মানুষের মৌলিক অধিকারগুলোর প্রতি সম্মান দেখাতে বাংলাদেশের সবার প্রতি আহ্বান জানাব।’
ঢাকায় ফ্রান্সের দূতাবাস গতকাল এক বিবৃতিতে ওয়াশিকুর হত্যায় উদ্বেগ প্রকাশ করে এ হত্যাকাণ্ডের নিন্দা জানায়। পাশাপাশি ওয়াশিকুরের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা সাজানো হয়েছে।
এদিকে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সিপিজে উদ্বেগ প্রকাশ করে বলেছে, ওয়াশিকুর হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত শাস্তির আওতায় আনতে না পারলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।
ওয়াশিকুর হত্যা নিয়ে নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে, ‘বাংলাদেশে হত্যাকাণ্ড ধর্মনিরপেক্ষ ব্লগারদের প্রতি আতঙ্কের বার্তা পাঠাল’। প্রতিবেদনে অভিজিৎ রায়, ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডগুলোও উঠে এসেছে।
ইনডিপেনডেন্ট পত্রিকায় শিরোনাম করা হয়েছে, ‘বাংলাদেশে মৃত্যু না হওয়া পর্যন্ত কোপানো হলো নাস্তিককে, খুব দ্রুতই তারা নিঃশেষ হয়ে যাবেন’। ওই প্রতিবেদন শুরু করা হয়েছে, অভিজিৎ হত্যাকাণ্ডের পর এর নিন্দা জানিয়ে ওয়াশিকুরের ফেসবুকের কভার পেজে দেওয়া শিরোনাম থেকে—‘ভাবপ্রকাশকে হত্যা করা যাবে না’।
ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর ডটকমের প্রতিবেদনের শিরোনাম ছিল ‘বাংলাদেশে ব্লগার খুন, মতপ্রকাশের ওপরই আক্রমণ’।