ওয়াসফিয়া নাজরীনের কিলিমানজারো জয়
মাত্র ২০ দিনের ব্যবধানে বাংলাদেশের লাল-সবুজ পতাকা আবারও উড়ল আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমানজারোর চূড়ায়। বাংলাদেশের পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন ২ অক্টোবর স্থানীয় সময় সাতটা ২৯ মিনিটে তানজানিয়ায় অবস্থিত কিলিমানজারো পর্বতের ১৯ হাজার ৩৪০ ফুট উঁচু উহুরু চূড়া জয় করেন। গত ১২ সেপ্টেম্বর দেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়াজ মোরশেদ পাটওয়ারী কিলিমানজারো জয় করেন। চলতি বছর বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ শীর্ষক পৃথিবীর সাত মহাদেশের সাত শীর্ষ চূড়া জয় করার অভিযানের ঘোষণা দেন ওয়াসফিয়া নাজরীন। কিলিমানজারো পর্বত বিজয়ের মাধ্যমে সেভেন সামিটের একটি ধাপ অতিক্রম করলেন তিনি। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ পেইজ থেকে এসব তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার ফেসবুকে কিলিমানজারোর চূড়ায় লাল-সবুজ পতাকা হাতে ওয়াসফিয়া নাজরীনের ছবি প্রকাশ করা হয়। জানা যায়, ২৭ সেপ্টেম্বর তিনি তানজানিয়ার মোশি শহর থেকে কিলিমানজারো পর্বতে অভিযান শুরু করেন। কিলিমানজারো জয় করে নেমে আসার পর ৩ অক্টোবর বিবিসি বাংলা বিভাগের সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে ওয়াসফিয়া নাজরীন বলেন, সাধারণত, কিলিমানজারো পর্বতে বরফ পড়ে না। কিন্তু শীর্ষ চূড়ার উদ্দেশ্যে যাত্রার (সামিট পুশ) দিন তুষার ঝড় হওয়ায় আট ইঞ্চি পুরু বরফ ছিল পর্বতে। বাংলাদেশ অন সেভেন সামিট অভিযান শুরুর ব্যাপারে তিনি বিবিসিকে বলেন, ‘আমি বাংলাদেশের ৪০তম জন্মদিনের কথা জানাতে চাই বিশ্বকে। আর এই ৪০ বছরে বাংলাদেশে নারীদের কী অগ্রগতি হয়েছে তাও তুলে ধরতে চাই।’পেশায় উন্নয়নকর্মী, চট্টগ্রামের মেয়ে ওয়াসফিয়া নাজরীন চাকরি ছেড়ে দিয়ে গঠন করেছেন বাংলাদেশ অন সেভেন সামিট ফাউন্ডেশন। সেভেন সামিটের প্রথম ধাপ হিসেবে গত জুলাই মাসে ইউরোপের সর্বোচ্চ চূড়া রাশিয়ার মাউন্ট এলব্রাস অভিযানে বের হন। কিন্তু দুই দফা ঝড় এবং ওই সময় রাশিয়ার প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি চূড়ার ৩০০ মিটার নিচ থেকে ফিরে আসেন। কিলিমানজারোর পর আগামী বছরের জানুয়ারিতে ওয়াসফিয়া দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত অ্যাকোনকাগুয়া অভিযানে যাবেন বলে বিবিসির সাক্ষাৎকারে জানা গেছে। বাংলাদেশ অন সেভেন সামিট অভিযানে সহযোগিতা করছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এর আগে ২০০৭ সালের ২৫ মে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক সাফিনা শেহনাজ, ২০০৮ সালে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আবদুল সালাম, ২০১০ সালের ৮ সেপ্টেম্বর মাহফুজ এ রাসেল এবং গত ১২ সেপ্টেম্বর মুসা ইব্রাহীম ও নিয়াজ মোরশেদ পাটওয়ারী কিলিমানজারো জয় করেন।