আয়োজনটা ছিল উৎসবের মতোই। মিলনায়তনজুড়ে ছিল আলো-আধারির খেলা। রঙিন কাগজে সাজানো মঞ্চ। দেখে চোখ জুড়িয়ে যায়। নাচ-গান, ছন্দ-কবিতা আর ছবির দৃশ্যায়নে আনন্দময় একটি বিকেল কেটেছে ইংরেজি শিক্ষায়তন স্কলাস্টিকায়।গতকাল বুধবার রাজধানীর উত্তরায় স্কলাস্টিকা ক্যাম্পাসে ছিল দ্বাদশ শ্রেণীর গ্র্যাজুয়েশন উৎসব। এ উপলক্ষে বসেছিল শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবকের মিলনমেলা। সুন্দর, সাজানো আয়োজনে প্রকাশ পায় উচ্ছ্বাস। অনুষ্ঠানে ১৩৬ শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। সনদ বিতরণ করেন বাংলাদেশের দ্বিতীয় এভারেস্ট বিজয়ী নারী ওয়াসফিয়া নাজরীন। স্কলাস্টিকার প্রাক্তন ছাত্রী ওয়াসফিয়া প্রধান অতিথি হিসেবে অনুজদের হাতে তুলে দিলেন শিক্ষাসনদ।ওয়াসফিয়া বলেন, পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। মানুষ চাইলে সবকিছু করতে পারে। এ জন্য দরকার সদিচ্ছা ও সাহস।অনুষ্ঠানে স্কলাস্টিকার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মাদিহা মোরশেদ ও স্কলাস্টিকার অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কায়সার আহমেদ বক্তব্য দেন। অধ্যক্ষ বলেন, ‘আজ যারা এ লেভেল শেষ করে বিদায় নিচ্ছ, তোমরা আমাদের প্রতিনিধি। আলোর বার্তা ছড়িয়ে দেওয়ার মশাল তোমাদের হাতে তুলে দেওয়া হয়েছে।’গতকাল চারটি গ্রুপের মধ্যে এ গ্রুপে ৪৭, বি গ্রুপে ৩১, সি গ্রুপে ২৮ এবং ডি গ্রুপে ৩০ জন ছাত্রছাত্রীকে সনদ দেওয়া হয়। সনদ বিতরণের ফাঁকে ফাঁকে ছিল নাচ ও গান। শিক্ষার্থীদের পরিবেশনায় উঠে আসে ষড়্ঋতুর বাংলাদেশ, বাঙালির উৎসব, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস, নবান্ন, ঘুড়ি উৎসব প্রভৃতি।