ওয়াসফিয়ার 'পিকো দে ওরিজাবা' জয়

মেক্সিকোর সর্বোচ্চ শৃঙ্গ ও উত্তর আমেরিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি ‘পিকো দে ওরিজাবা’ জয় করলেন সেভেন সামিট জয়ী বাংলাদেশের একমাত্র পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন।
গতকাল মঙ্গলবার মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ধু হুয়ান মেন্ডোজাকে সঙ্গে নিয়ে ওয়াসফিয়া উত্তরের পথ দিয়ে ২৪ আগস্ট বৃহস্পতিবার ‘পিকো ডে ওরিজাবা’র চূড়ায় পৌঁছান।
ওয়াসফিয়া ২০১৬ থেকে গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।
মাউন্ট ডেনালি (প্রথম বাংলাদেশি হিসেবে এর চূড়ায়ও উঠেছেন ওয়াসফিয়া) ও মাউন্ট লোগানের পরে উত্তর আমেরিকার তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ পিকো দে ওরিজাবা। এ ছাড়া আগ্নেয়গিরিটি অ্যাজটেকদের নাহুয়াটাল ভাষায় সিটলালটেপেটল নামে পরিচিত। যার অর্থ ‘তারকা পর্বত’। এটি ট্রান্স-ম্যাক্সিকান আগ্নেয় বেল্টের পূর্বে সমুদ্র পৃষ্ঠ থেকে ৫ হাজার ৬৩৬ মিটার উঁচু। আগ্নেয়গিরিটি বর্তমানে সুপ্ত অবস্থায় আছে।
মেক্সিকোর যে তিনটি আগ্নেয়গিরিতে এখনো হিমবাহ আছে তাদের মধ্যে পিকো দে ওরিজাবা একটি। আর মেক্সিকোর সর্ববৃহৎ হিমবাহ গ্রান গ্রেসিয়ার নর্তে এখানেই অবস্থিত। প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে ওয়াসফিয়া নাজরীনই প্রথম এই সুউচ্চ আগ্নেয়গিরি জয় করলেন।
২০১২ সালের ২৬ মে ওয়াসফিয়া দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট চূড়ায় ওঠেন।