ওয়াসফিয়ার 'সপ্ত শৃঙ্গ' জয়

বাংলাদেশের পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন ওশেনিয়া অঞ্চলের কার্সটেনস পিরামিড পর্বত শৃঙ্গ জয় করেছেন। এর মধ্য দিয়ে বিশ্বের সাতটি অঞ্চলের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ জয়ের অভিযান পূর্ণ করেছেন তিনি। নিজের ফেসবুক পেজের এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ওয়াসফিয়া।
আজ বুধবার বিবিসি অনলাইনের এক খবরে জানানো হয়, ইন্দোনেশিয়ায় অবস্থিত মাউন্ট কার্সটেনস নামে পর্বত শৃঙ্গটি পুঞ্জাক জায়া নামেও পরিচিত। এটির উচ্চতা চার হাজার ৮৮৪ মিটার।
বাংলাদেশ অন সেভেন সামিট ফাউন্ডেশনের মুখপাত্র করভি রাকসান্ড ফেসবুক বার্তায় জানান, স্যাটেলাইট ফোনে ওয়াসফিয়া জানিয়েছেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর উদ্যাপনের জন্য আমরা এই ক্যাম্পেইন শুরু করি। এটি ’৭১ এর চেতনাকে আরও পরিপূর্ণ করার একটি প্রয়াস। এ জয় তাঁদের জন্য উৎসর্গ করছি যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন। এখন নিজ দেশে ফিরতে আমি ব্যাকুল হয়ে আছি।’
এই প্রথম কোনো বাংলাদেশি নারী ওসেনিয়ার সর্বোচ্চ এই পর্বতে আরোহণ করেছেন বলেও জানান রাকসান্ড।
চার বছর আগে প্রথম বাংলাদেশি হিসেবে ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ নামে অভিযানটি শুরু করেছিলেন ওয়াসফিয়া নাজরীন।