ওয়াসা ও ঢাকার দুই সিটিতে অনিয়ম পায়নি মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম এবং ঢাকার দুই সিটি করপোরেশনের রাজস্ব আদায়ে অনিয়মের অভিযোগ তদন্ত করে সত্যতা পায়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল বুধবার তারা সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ প্রতিবেদন জমা দেয়।
তবে সংসদীয় কমিটি মন্ত্রণালয়ের প্রতিবেদন দুটি প্রত্যাখ্যান করে বলেছে, প্রতিবেদন দুটি ত্রুটিপূর্ণ।
জানতে চাইলে বৈঠক শেষে কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় প্রতিবেদন দুটি তদন্ত করে দিয়েছে বলে মনে হয়নি। অনেকটাই দায়সারা ও সামঞ্জস্যহীন। এ কারণে কমিটি নতুন করে প্রতিবেদন দিতে বলেছে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, কমিটি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ত্রুটিপূর্ণ প্রতিবেদন তৈরি এবং রাজস্ব আদায়ে গাফিলতির সঙ্গে জড়িতে ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলেছে।
সংসদীয় কমিটির আগের বৈঠকে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়। একই সঙ্গে ঢাকার দুই সিটির রাজস্ব আদায়ের অনিয়মও তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তাকসিম এ খান দায়িত্ব নেওয়ার আগে ওয়াসা লাভজনক ছিল, এ অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রকল্প সম্পর্কিত আর্থিক দুর্নীতির অভিযোগও প্রমাণিত হয়নি। তবে বৃষ্টিতে ঢাকা মহানগরে জলাবদ্ধতা তৈরি হয় এবং মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়—এ অভিযোগটি সত্য।
ঢাকার দুই সিটির রাজস্ব আদায়-সম্পর্কিত অনিয়মের অভিযোগ বিষয়ে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪-১৫ অর্থবছরে উত্তর সিটিতে বাজার ভাড়া বাবদ ২৬ লাখ টাকা আদায় হয়েছে এবং ট্রেড লাইসেন্স বাবদ আয় হয়েছে ২৩ কোটি ১৩ লাখ টাকা।
তবে কমিটি বলেছে, আগের বৈঠকে মন্ত্রণালয়ের দেওয়া তথ্য ছিল, এ দুটি খাতে আয় যথাক্রমে ৪ কোটি ৩৮ লাখ ও ২৮ কোটি ৭৮ লাখ টাকা।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, দক্ষিণ সিটি সম্পর্কে আগের বৈঠকে মন্ত্রণালয় বলেছিল, বাজার ভাড়া বাবদ ২৭ কোটি ২৭ লাখ টাকা আদায় হয়েছে। কিন্তু গতকালের প্রতিবেদনে বলেছে, ১৮ কোটি ৯৪ লাখ টাকা। আগের বৈঠকে মে মাস পর্যন্ত হিসাব দিয়ে বলেছিল, বাস টার্মিনাল থেকে ২ কোটি ৪৬ লাখ টাকা আদায় হয়েছে। কিন্তু প্রতিবেদনে জুন পর্যন্ত হিসাব দিলেও টাকার অঙ্ক বাড়েনি।
আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী মসিউর রহমান, রহমত আলী, সাবের হোসেন চৌধুরী, এ কে এম মোস্তাফিজুর রহমান, ফজলে হোসেন বাদশা ও রহিমা আকতার অংশ নেন।