ওয়াসা ও বিমানে দুদক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি দল আজ সোমবার বাংলাদেশ বিমান ও ঢাকা ওয়াসা কার্যালয় পরিদর্শন করেছে। ওই দুই সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি দমন ও প্রতিরোধসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করে তারা। দুদকের উচ্চপর্যায়ের একাধিক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আজ সকালে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-সংক্রান্ত দুদকের প্রাতিষ্ঠানিক দলটি বলাকা কার্যালয়ে যায়। সেখানে বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেন দলের সদস্যরা।

দুদুকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, বৈঠকে সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। বিমানে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যে ধারণা রয়েছে, সেসব সম্পর্কে আলোচনা হয়েছে। এ ছাড়া কিছু বিষয়ে তথ্যও চাওয়া হয়েছে। বিমানের পক্ষ থেকে তথ্য দিয়ে সহযোগিতা করা হবে বলেও দলকে জানানো হয়েছে।

আরেক পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে আরেকটি দল সকালে ওয়াসা কার্যালয়ে গিয়ে এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।

গুরুত্বপূর্ণ ২০টি সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি প্রতিরোধ ও দমনে সম্প্রতি দুই দফায় ১৯টি প্রাতিষ্ঠানিক দল গঠন করে দুদক। সংস্থার আট পরিচালক এসব দলের নেতৃত্বে রয়েছেন। গঠিত তিন সদস্যের ওই সব দলে একজন করে উপরিচালক ও সহকারী পরিচালক রয়েছেন। সংস্থার মহাপরিচালক মুনির চৌধুরী এসব দলের সঙ্গে যুক্ত রয়েছেন।

জানা গেছে, মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে দেশের সব স্থলবন্দর, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট এবং আয়কর বিভাগ; সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ বিমান এবং পরিবেশ অধিদপ্তর; মো. মনিরুজ্জামানের নেতৃত্বে ওসিএজি অফিস; খন্দকার এনামুল বাছিরের নেতৃত্বে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়, বিআরটিএ এবং ঢাকা মহানগরের সব সাব-রেজিস্ট্রি অফিস; এ কে এম জায়েদ হোসেন খানের নেতৃত্বে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, রেলওয়ে এবং তিতাস গ্যাস; বেলাল হোসেনের নেতৃত্বে ওষুধ প্রশাসন অধিদপ্তর, ঢাক ওয়াসা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর; সরদার মঞ্জুর আহমদের নেতৃত্বে বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি ও কাজী শফিকুল আলমের নেতৃত্বে সওজ এবং গণপূর্ত অধিদপ্তরে নজরদারি চলবে।

প্রাতিষ্ঠানিক দল গঠনের সময় ওই সব দলের কার্যপরিধিও নির্ধারণ করে দেয় দুদক। সে অনুসারে প্রাতিষ্ঠানিক দলগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইন, বিধি, পরিচালনার পদ্ধতি এবং ওই সব প্রতিষ্ঠানে সরকারি অর্থ অপচয়ের দিকগুলো পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করবে।
পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর কাজের ইতিবাচক ও নেতিবাচক দিক, নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা, প্রতিবন্ধকতা, সেবাগ্রহীতাদের হয়রানি, দুর্নীতির কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে। সার্বিক বিশ্লেষণসহ দলের প্রতিবেদন ও সুপারিশ ৩০ কার্যদিবসের মধ্যে কমিশনে জমা দেবে দলগুলো।
পাশাপাশি প্রাতিষ্ঠানিক দলগুলোর মেয়াদকালে ওই সব প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির তথ্য-প্রমাণ পাওয়া গেলে সেগুলো আলাদাভাবে অনুসন্ধান করবে।