ওয়াসা বস্তিতে আগুন, মা-ছেলে জীবন্ত দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুরের ওয়াসা বস্তিতে গত বুধবার রাতে অগ্নিকাণ্ডে কমলা বেগম (২২) ও তাঁর দুই মাস বয়সী ছেলে কাওছার মারা গেছে। আহত হয়েছে তিনজন। আগুনে ওই বস্তির অর্ধশত ঘর পুড়ে গেছে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও পুলিশের সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে কদমতলী থানা এলাকার শ্যামপুর রেললাইনের পূর্ব পাশের ওয়াসা বস্তির দিনমজুর শফিকুলের ঘরে মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। শফিকুলের ঘরে তাঁর স্ত্রী কমলা বেগম ও ছেলে কাওছার ঘুমিয়ে ছিল। শরীরে আগুন ধরে যাওয়ায় তাদের ঘুম ভেঙে যায় এবং তারা চিত্কার করতে থাকে। ঘরের পাশের দোকান থেকে শফিকুল চিত্কার শুনে সেখানে যান। কিন্তু আগুনের তীব্রতার কারণে তিনি ঘরে ঢুকতে পারেননি। কমলা ও কাওছার জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পোস্তগোলার দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। কদমতলী থানার পুলিশও ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় পুলিশ ওই দুজনের লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। আগুনে ওই বস্তির শাকিল (৩০), তাঁর স্ত্রী নাজমা বেগম (২৫) ও তাঁদের শিশুপুত্র নাজিমুল দগ্ধ হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে কমলা ও কাওছারের লাশ গ্রামের বাড়ি শেরপুরের রঘুনাথপুরে পাঠানো হয়। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুবুর রহমান বলেন, দুলাল মিয়া নামের এক ব্যক্তি রেল বিভাগের কাছ থেকে এই জমি লিজ নিয়ে বস্তিঘর তুলে নিম্ন আয়ের মানুষের কাছে ভাড়া দিয়েছেন। এ ব্যাপারে কদমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।