ওয়াসাকে তুলাধোনা করলেন কাউন্সিলররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএসসিসির একাদশ করপোরেশন সভায় বক্তব্য দিচ্ছেন মেয়র সাঈদ খোকন। পাশে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। ছবি: মুসা আহমেদ
ডিএসসিসির একাদশ করপোরেশন সভায় বক্তব্য দিচ্ছেন মেয়র সাঈদ খোকন। পাশে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। ছবি: মুসা আহমেদ

নগরীতে সুপেয় পানির সংকট, পয়োনিষ্কাশনব্যবস্থা অকার্যকর, পানি থেকে দুর্গন্ধ ও জলাবদ্ধতা—এই চারটি সমস্যা নিয়ে ওয়াসাকে তুলাধোনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কাউন্সিলররা। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) উপস্থিতিতেই তুলে ধরা হয়েছে ওয়াসার অব্যবস্থাপনার চিত্র।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে ডিএসসিসির একাদশ করপোরেশন সভায় নিজ এলাকার পানিসংকট, পয়োনিষ্কাশন সমস্যা ও জলাবদ্ধতার কথা তুলে ধরেন। এ সময় কাউন্সিলরদের অনেকে উত্তেজিত হয়ে বক্তব্য দেন।

সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মঞ্চে উপস্থিত ছিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।
সভার শুরুতে মেয়র সাঈদ খোকন বলেন, পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সুপেয় পানির অভাব। যে এলাকায় পানি আছে, সে পানি থেকে আসে দুর্গন্ধ। ডিএসসিসির অন্যান্য এলাকায়ও একই চিত্র। বিষয়টি ঢাকা ওয়াসাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। নাগরিকদের মৌলিক এই চাহিদা পূরণ করতে হবে। জনপ্রতিনিধিরা জনগণের চাহিদা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ।

পরে নিজ নিজ এলাকায় ঢাকা ওয়াসার বিভিন্ন সমস্যা তুলে ধরতে উন্মুক্ত আলোচনায় অংশ নেন কাউন্সিলররা। ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মাসুদ বলেন, ‘পশ্চিম জুরাইন, তুলাবাগিচা এলাকায় ওয়াসার পানি থেকে ব্যাপক দুর্গন্ধ আসে। এই পানি দিয়ে গোসল করা যায় না। হাত-মুখ ধুলেও শরীর থেকে দুর্গন্ধ আসে। বাসাবাড়িতে রান্নাবান্না করাও দায়। ভয়াবহ অবস্থায় আছে শাহাদত হোসেন রোডের বাসিন্দারা। এই এলাকায় দীর্ঘদিন ধরে পানিই নেই। এই বিষয়গুলো ওয়াসাকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু তা সমাধানে তারা কোনো উদ্যোগ নিচ্ছে না।

মোহাম্মদ মাসুদ বলেন, ‘পোস্তগোলার হাফেজ নগর ও পোস্তগোলা ইসলামী ব্যাংক এলাকায়ও পানির সংকট ছিল। ওয়াসার সায় না পেয়ে নিজ উদ্যোগে আট লাখ টাকা ব্যয়ে পৃথক দুটি পানির পাম্প বসিয়েছি। জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে আমাকে জবাবদিহি করতে হয়।’

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে ডিএসসিসির একাদশ করপোরেশন সভা অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে ডিএসসিসির একাদশ করপোরেশন সভা অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা

৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নূর হোসেন বলেন, ২০১৫ সালে হাজি খোরশেদ আলী সরদার রোডে একটি পাম্প বসিয়েছে ওয়াসা। কিন্তু কিছুদিন পরই সেই পাম্পের পানি থেকে দুর্গন্ধ আসা শুরু হয়। আজ পর্যন্ত দুর্গন্ধযুক্ত পানিই ব্যবহার করছেন বাসিন্দারা। তিনি বলেন, ‘আমার এলাকার পানির পাইপগুলো ৮ থেকে ১০ ফুট নিচে। এর মধ্যে অধিকাংশ রাস্তা বছরের বেশির ভাগ সময় জলাবদ্ধ হয়ে থাকে। এই জলাবদ্ধতার পানি ওয়াসার পানির লাইন ফেটে এর ভেতর ঢুকছে। বিষয়টি ওয়াসাকে একাধিকবার লিখিতভাবে জানিয়েছি। কিন্তু তাদের কোনো সহযোগিতা পাচ্ছি না।’

নূর হোসেন বলেন, ‘আমার এলাকায় তিতাসসহ কয়েকটি খাল ছিল। কিন্তু তা ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে। পানিপ্রবাহ বন্ধ আছে। বৃষ্টি হলে পানি সরতে পারে না। রাস্তাঘাট তলিয়ে যায়।’

৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নাছিম মিয়া বলেন, ‘১২ মাসের মধ্যে ১০ মাসই আমার ওয়ার্ডের রাস্তাঘাট পানির নিচে থাকে। এর মধ্যে ১০ থেকে ১৪ ফুট নিচে ওয়াসার পানির লাইন। এতে মোটর দিয়ে পানি তুলতে সমস্যা হয়।’ তিনি বলেন, ১৯৭৮ সালে আমার ওয়ার্ডে একটি পানির পাম্প বসানো হয়েছিল। কিন্তু এক যুগের বেশি সময় ধরে এই পাম্প থেকে ময়লা পানি আসছে। বিভিন্ন স্থানে পানির পাইপগুলোও ফেটে গেছে। তাই নতুনভাবে একটি পাম্প ও পাইপগুলো স্থাপন করতে হবে।’

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, একটি একটি করে পাইপ সংস্কার করা যাবে না। এই সমস্যা দূর করতে হলে পুরো এলাকার পাইপগুলো নতুন করে বসাতে হবে। এ জন্য প্রয়োজনীয় সব করবে ওয়াসা।

সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম বলেন, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি অপসারণের নালাগুলো ময়লা-আবর্জনায় ভরে গেছে। ওয়াসার কর্মীরা তা পরিষ্কার করলেও আবর্জনাগুলো আবার সড়কে ফেলে রাখেন। তাঁরা বলেন, এই আবর্জনা পরিষ্কারের দায়িত্ব নাকি সিটি করপোরেশনের। আর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, এগুলো পরিষ্কারের দায়িত্ব ওয়াসার। এভাবে দিনের পর দিন আবর্জনা সড়কে পড়ে থাকে। বৃষ্টি হলে তা আবার গড়িয়ে নালায় চলে যায়।

ডিএসসিসির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান বলেন, তাঁর ওয়ার্ডে ১৬টি পানির পাম্প আছে। কিন্তু তারপরও গোড়ান, ছাপরা মসজিদসহ বিভিন্ন এলাকায় পানি থাকে না। এতে প্রমাণিত হয়, এসব পাম্প থেকে পর্যাপ্ত পানি আসে না।

৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকবুল ইসলাম খান বলেন, ড্রেন বা নালার ময়লা-আবর্জনা অপসারণে সঠিকভাবে কাজ করে না ওয়াসা। তারা একাংশে কাজ করলে আরেক অংশে এমনিতেই ফেলে রাখে। কারও কাছে জবাবদিহি করতে হয় না। তাই যে এলাকায় ওয়াসা কাজ করবে, সংশ্লিষ্ট কাউন্সিলরকে তা অবগত করতে হবে। কাজ সম্পন্নের বিষয়টি লিখিত নিতে হবে।

এ সময় ওয়াসার এমডি বলেন, আজ থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের এই দায়িত্ব দেওয়া হলো। তাঁরা শ্রমিক দিয়ে নিজ নিজ এলাকার নালা-নর্দমা পরিষ্কার করবেন। এই খাতে ব্যয়ের টাকা কাউন্সিলরদের কাছে দেওয়া হবে।

১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুন্সী কামরুজ্জামান বলেন, সিদ্ধেশ্বরীতে আনারকলী মার্কেটের পেছনের সড়কে দুই মাস ধরে পানি জমে আছে। কিন্তু ওয়াসা কোনো ব্যবস্থা নিচ্ছে না। নাগরিকদের চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। অবিলম্বে এই জলাবদ্ধতা দূর করতে হবে।
৪৯ নম্বর ওয়ার্ডেও পানির সংকট আছে বলে অভিযোগ করেছেন কাউন্সিলর বাদল সরদার। তিনি বলেন, ‘ওয়াসা জায়গার অভাবে পাম্প বসাতে পারছে না, এমন অজুহাত দিয়েছে। পরে ধলপুরে নিজ উদ্যোগে ৫০ লাখ টাকা দিয়ে একটি জায়গা কিনে ওয়াসাকে দিয়েছি। তারপরও তারা সেখানে পাম্প বসাচ্ছে না।’
সংরক্ষিত ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলেনা আক্তার বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় পানিসংকট। এখানে হাঁড়ি, পাতিল নিয়ে এলাকাবাসী মিছিলও করেছে।’
ধানমন্ডি এলাকায় পয়োনিষ্কাশন লাইন অকার্যকর বলে জানিয়েছেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন। তিনি বলেন, বিষয়টি ওয়াসাকে জানানো হয়েছে। কিন্তু কাজের অগ্রগতি দেখা যাচ্ছে না।
২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ হামিদ খান বলেন, ‘নবাব হাবিবুল্লা রোডে আমার নিজের বাড়িতেও ওয়াসার পানি নেই। আমার ওয়ার্ডের অন্যান্য এলাকায় প্রায় একই অবস্থা।’
২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোশাররফ হোসেন বলেন, পয়োনিষ্কাশন সংযোগের পানি পরিশোধন না করেই সরাসরি বুড়িগঙ্গায় ফেলা হচ্ছে। এতে নদীর পানি দূষিত হচ্ছে।
আজিমপুরের বিসি দাস স্ট্রিট ও দায়রা শরিফ এলাকায় পয়োনিষ্কাশন সংযোগ নেই বলে জানিয়েছেন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান। এই দুটি এলাকায় অবিলম্বে পয়োনিষ্কাশন সংযোগ বসানোর আহ্বান জানান তিনি।
ফকিরাপুলের গরম পানি গলিতে দুই মাস ধরে পানি নেই বলে জানিয়েছেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মমিনুল হক। তিনি বলেন, ‘আমার ওয়ার্ডে পানি নিয়ে অরাজক অবস্থা তৈরি হয়েছে। যে যেভাবে পারছে, পানির প্রধান সংযোগ থেকে মোটর দিয়ে পানি টেনে নিচ্ছে।’ তিনি বলেন, এবার বৃষ্টিতে নটর ডেম কলেজের সামনে অনেক বেশি পানি জমেছে। মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে এই সড়কটিকে ঢাকার ছোট নদী বলছেন।
৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান বলেন, নারিন্দা শিশুপার্ক দখল করে ওয়াসার একটি পানির পাম্প বসানো হয়েছিল। কিন্তু সেই পাম্পটি এখন অকার্যকর। এই অবস্থায় পাম্পের চারপাশে টিনশেড ঘর তুলে ভাড়া দিয়েছেন ওয়াসার কর্মীরা।

৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন বলেন, কামরাঙ্গীরচরে ডিএসসিসির তিনটি ওয়ার্ডে পয়োনিষ্কাশন ও পানির লাইন নেই। এ সময় মেয়র সাঈদ খোকন বলেন, এই তিনটি ওয়ার্ডের সমস্যাগুলো নিয়ে ডিএসসিসি ও ওয়াসার একটি পরিকল্পনা আছে।
৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম হোসেন বলেন, এবার অল্প বৃষ্টিতেই বাসাবো-মাদারটেকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাস ছয়েক আগে নন্দীপাড়া খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ডিএসসিসি। কিন্তু আজ পর্যন্ত এই খালটিও ওয়াসা পরিষ্কার করেনি।

৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আউয়াল হোসেন বলেন, তাঁর ওয়ার্ডের আবুল হাসনাত রোড, মাজেদ সরদার লেন, আগা সাদেক রোডে দীর্ঘদিন ধরে পানিসংকট আছে।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ঢাকা শহরের অনেক এলাকায়ই পানির লাইনগুলো নিচে চলে গেছে। এর কারণ, দিন দিন রাস্তা ও ঘরবাড়ি উঁচু হয়ে যাওয়া। তিনি বলেন, ‘নগরীর এই ছোট ছোট সমস্যা সমাধান করলে সাময়িক সমস্যার সমাধান হবে। কিন্তু দীর্ঘমেয়াদি সমাধান হবে না। তাই আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় ছয়টি প্রকল্পের অধীনে ঢাকা শহরের এই সমস্যা সমাধানের কাজ করছি। তা বাস্তবায়িত হলে পানির কোনো সমস্যা হবে না।’
এভাবে ডিএসসিসির ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী, ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ, ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু সাঈদসহ প্রায় ৩০ জন কাউন্সিলর বক্তব্য দেন। সময়স্বল্পতার কারণে বাকিদের বক্তব্য নেওয়া হয়নি। তবে প্রত্যেকের নিজ নিজ এলাকার পানির সমস্যাগুলো লিখিত আকারে মেয়রের দপ্তরে জমা দিতে বলেছেন সাঈদ খোকন। এ ছাড়া প্রত্যেক কাউন্সিলরের অভিযোগগুলো নোট করেছেন তাকসিম এ খান।

উন্মুক্ত আলোচনার শেষ পর্যায়ে সাঈদ খোকন বলেন, ‘ওয়াসাকে সঙ্গে নিয়ে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে। এই শুষ্ক মৌসুমেই অনেক সমস্যার সমাধান হবে। আমরা সব ভুল-বোঝাবুঝি পেছনে ফেলে নাগরিক দুর্ভোগ লাঘবে একসঙ্গে কাজ করব। এ ছাড়া অন্যান্য সংস্থাকে নিয়ে এগিয়ে যাবে ডিএসসিসি।’