ওয়াসার চিঠি প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় পানি সরবরাহের দায়িত্বে নিয়োজিত ঢাকা ওয়াসা তাদের চিঠি প্রত্যাহার করে না নিলে বড় ধরনের আন্দোলনের হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জবাসী। গতকাল সোমবার গভীর নলকূপ ব্যবহারকারী গ্রাহকদের দেওয়া ওই চিঠির প্রতিবাদে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির এক সমাবেশে এ হুমকি দেওয়া হয়। সমাবেশে বক্তারা বলেন, প্রতিশ্রুতি লঙ্ঘন করে ঢাকা ওয়াসা নারায়ণগঞ্জে গভীর নলকূপ স্থাপনকারী হাজার হাজার গ্রাহককে যে চিঠি দিচ্ছে, তা অযৌক্তিক। এ ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে কঠোর নাগরিক আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে ওয়াসার চিঠি পাওয়া গ্রাহকদের টাকা না দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, নারায়ণগঞ্জে প্রায় পাঁচ হাজার গভীর নলকূপ রয়েছে। ২০০৭ সালের প্রথম দিকে ওয়াসা গভীর নলকূপ স্থাপনের জন্য অনুমোদন ফি ৮০ হাজার ও নবায়ন ফি ৫০ হাজার টাকা ধার্য করে প্রজ্ঞাপন জারি করে। পরে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির আন্দোলনের পরিপ্রেক্ষিতে তা কমিয়ে ৪০ হাজার ও ২৫ হাজার টাকা করা হয়। কিন্তু এতেও নাগরিক কমিটি আপত্তি করলে একপর্যায়ে ওয়াসা কর্তৃপক্ষ নাগরিক কমিটির সঙ্গে আলোচনা করে নতুন ফি নির্ধারণ এবং এ-সংক্রান্ত সব কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন। কিন্তু এ সিদ্ধান্ত অগ্রাহ্য করে গত ১৪ মার্চ থেকে নারায়ণগঞ্জের গ্রাহকদের সাত দিনের মধ্যে বৈধ কাগজপত্র প্রদান ও টাকা পরিশোধের চিঠি দেওয়া শুরু করে ওয়াসা। বক্তারা বলেন, ওয়াসা কর্তৃপক্ষ অন্যায়ভাবে এ চিঠি দিচ্ছে। এই চিঠি হয়রানি ও উদ্দেশ্যমূলক। ওয়াসার কোনো চিঠিতে স্থানীয় রাজস্ব কর্মকর্তার স্বাক্ষর রয়েছে, আবার কোনোটিতে স্বাক্ষরের স্থলে শুধু সিল রয়েছে। তাঁরা অভিযোগ করেন, ওয়াসার কর্মকর্তারা গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে টাকা চাইছেন। এ ছাড়া তাঁরা অফিস খরচের জন্য মোটা অঙ্কের টাকাও দাবি করছেন। বক্তারা বলেন, ১৯৮৮ সালে নারায়ণগঞ্জে পানি সরবরাহের দায়িত্ব নেয় ঢাকা ওয়াসা। এর আগে পানি সরবরাহ করত নারায়ণগঞ্জ পৌরসভা। দায়িত্ব নিয়েই ওয়াসা রাজধানীর সমপরিমাণ রাজস্ব নির্ধারণ করে। কিন্তু দীর্ঘ ২৪ বছরেও ওয়াসার বিতরণ লাইন উল্লেখযোগ্য পরিমাণে বাড়েনি; অথচ জনসংখ্যা বেড়েছে অনেক। ফলে অনেকে মোটা অঙ্কের টাকা খরচ করে নিজেরাই বাড়িতে গভীর নলকূপ স্থাপন করেছেন। শহরের চাষাঢ়া শহীদ মিনারে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন আবদুর রহমান, রফিউর রাব্বি, মাহবুব ইসমাইল, আওলাদ হোসেন, এ টি এম কামাল, রোকনউদ্দিন আহমেদ, অসিত বরণ বিশ্বাস, মাহবুবুর রহমান, নিখিল দাস, হানিফুল কবীর, এম হাসমত উল্লাহ, আবদুহু সাফি প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক।