ওয়াসার ড্রেনেজ বিভাগকে সিটি করপোরেশনে ন্যস্ত করার দাবি
সমন্বিত কর্মধারার ড্রেনেজ ও পানিনিষ্কাশন মহাপরিকল্পনা প্রণয়নে আশু উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে সিটি করপোরেশনকে মূল দায়িত্ব দেওয়ার পাশাপাশি ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগকে কারিগরি লোকবল, বাজেটসহ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করতে হবে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের কারিগরি সহায়তা নিশ্চিত করতে হবে।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
ডিআরইউর গোলটেবিল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাপার যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব বলেন, সিটি করপোরেশন নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকারি ব্যবস্থা। এ কারণে সিটি করপোরেশনকে মূল দায়িত্ব দিয়ে ড্রেনেজ ও পানিনিষ্কাশনের মহাপরিকল্পনা করতে হবে।
‘বারংবার জলজটে জনদুর্ভোগ: প্রতিকারের উপায় কী?’ শীর্ষক সংবাদ সম্মেলনে ইকবাল হাবিব আরও বলেন, ‘সবার চোখের সামনেই ২৫ বছর ধরে প্রাকৃতিক খালকে বক্স কালভার্ট বানানোর মহোৎসব চলেছে। আজ ওয়াসা বলছে, জলাবদ্ধতায় তাদের কোনো দায় নেই। কিন্তু বাপার পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, ১৯৮৮ সালে যখন বন্যা হয়, তখন বিদেশি বিনিয়োগে বাংলাদেশ সয়লাব হয়ে যায়। সেই টাকার প্রতি আকর্ষণে জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তর ও পৌর করপোরেশনের ড্রেনেজ ব্যবস্থায় ওয়াসা হাত দেয়। এরপর এই টাকাগুলো খাওয়ার জন্য ওয়াসা ড্রেনেজ ডিভিশন নামের একটি ডিভিশন করে। সে সময় ঢাকা শহরের পান্থপথ খালসহ প্রচুর খালকে বক্স কালভার্টে পরিণত করা হয়। অথচ আজ তারা বলছে এ দায় আমার নয়। ওয়াসা বলছে, তাদের নামের মধ্যে তো ড্রেনেজ নাই। এই প্রতারণা আমরা গ্রহণ করতে রাজি নই।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আকতার মাহমুদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুল মতিন।