প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঘুষ নেওয়া ও দুর্নীতির অভিযোগে’ ঢাকা ওয়াসার দুজন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইদুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী শেখ মো. রুহুল আমিন।গতকাল শনিবার ওয়াসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই দুই কর্মকর্তা ড্রেনেজ বিভাগে থাকা অবস্থায় তাঁদের বিরুদ্ধে কাজ দেওয়ার নাম করে ঠিকাদারদের কাছ থেকে আগাম ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিভাগীয় মামলা দায়ের ও তদন্তকাজ শুরু হয়েছে। তবে ওয়াসার বিজ্ঞপ্তিতে ঘুষদানকারী ঠিকাদারদের নাম উল্লেখ করা হয়নি।বরখাস্ত হওয়া দুই প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ফোন না ধরায় অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।