
প্রথম আলো: হাজি ওসমান গনি রোডের রমজান আলী ওস্তাগার পুকুরের পানি পরিষ্কার করার কোনো উদ্যোগ নেবেন?
কাউন্সিলর: ঐতিহ্যবাহী এই পুকুর ডোবায় পরিণত হয়েছিল। ১৯৯৪ সালে আমি তা খনন করেছি। পরে পুকুরের চারপাশ এবং তলাও টাইলস করেছি। কিন্তু মাসখানেক আগে এলাকায় জলাবদ্ধতা হলে সে পানি পুকুরে ঢুকে এই অবস্থা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যেই সেচ দিয়ে এই পানি ফেলে দেওয়া হবে।
প্রথম আলো: আপনার ওয়ার্ডে জলাবদ্ধতার কারণ কী? সমাধানে কোনো উদ্যোগ নিয়েছেন?
কাউন্সিলর: আমার ওয়ার্ডের ঢাকা ওয়াসার পয়োনিষ্কাশনব্যবস্থা অনেক পুরোনো। বিভিন্ন স্থানে তা অকেজো হয়ে আছে। ফলে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিষয়টি ওয়াসাকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু তারা তা সমাধান করছে না। তাই আমরাই (ডিএসসিসি) এখন তা সমাধানের উদ্যোগ নেব।
প্রথম আলো: যানজট কমাতে কোনো উদ্যোগ নিয়েছেন?
কাউন্সিলর: আজ থেকে ৩০ বছর আগে আমার ওয়ার্ডটি আবাসিক ছিল। কিন্তু ক্রমান্বয়ে তা বাণিজ্যিকে রূপ নিয়েছে। মানুষের চাপও বেড়েছে। এখন যানজটের সৃষ্টি হয়। তবে তা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। এই ওয়ার্ড আধুনিকভাবে সাজাতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) একটি পাইলট প্রকল্প নিয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে আমাদের সঙ্গে আলোচনাও করেছে তারা। মহল্লার মানুষ তাতে সম্মতি দিয়েছে।
প্রথম আলো: ব্যায়ামাগারে আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করার জন্য উদ্যোগ নেবেন?
কাউন্সিলর: ব্যায়ামাগারের পুরোনো সরঞ্জাম দিয়ে শরীরচর্চা করা অনেক কঠিন। তাই আধুনিক সরঞ্জাম বরাদ্দ দিতে ডিএসসিসিতে আবেদন করেছি। কয়েক মাসের মধ্যেই তা পাব বলে আশা করি।