
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ছয় মাসের বেশি সময় ধরে পর্যাপ্ত পরিমাণে ওয়াসার সরবরাহ করা পানি পাচ্ছে না। এর মধ্যে একটি মহল্লায় দুই বছর ধরে পানির সংকট চলছে।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, বর্তমানে এই ওয়ার্ডে দিনে দুই বেলা (সকাল-বিকেল) পানি সরবরাহ করে ঢাকা ওয়াসা। এই পানি থেকেও দুর্গন্ধ আসে, ব্যবহার করা দায়। কিন্তু তা সমাধানে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। এ ছাড়া ওয়ার্ডটির সব কটি সরু গলিতে দিনভর লেগে থাকে তীব্র যানজট। বৃষ্টির পরিমাণ বেশি হলেই গলিতে জলাবদ্ধতা হয়। গতকাল বুধবার এই ওয়ার্ড ঘুরে জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
মৌলভীবাজার রোড, বেগমবাজার রোড, আজিজ উল্লাহ রোড, আবুল হাসনাত রোড, পদ্ম লোচন রায় লেন, কে এম আজম লেন, নুর-বক্স লেন, আলী হোসেন খান রোড, নাবালক মিয়া লেন, আর্মেনিয়ান স্ট্রিট, আবুল খায়রাত রোড, কেদার নাথ দে লেন, আগা নবাব দেউড়ি রোড, বেচারাম দেউড়ি রোড, হাফিজ উল্লা রোড, গোলাম মোস্তফা লেন, ডিসি রায় রোড, শরৎ চন্দ্র চক্রবর্তী রোড, এ সি রায়
রোড, সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগার, দিগুবাবু লেন, মকিম কাটারা রোড, বি কে রায় লেন ও যোগেন্দ্র নারায়ণ শীল লেন এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত। এলাকায় ভোটার সংখ্যা প্রায় ১৮ হাজার। কিন্তু ওয়ার্ডটিতে নাগরিকদের জন্য পার্ক বা শিশুপার্ক, মাঠ, ব্যায়ামাগার, পাঠাগার—কিছুই নেই। একমাত্র কমিউনিটি সেন্টারটিও ঝুঁকিপূর্ণ।
ওয়াসার পানিসংকট
গতকাল দুপুরে আগা নবাব দেউড়ি রোড, বেগমবাজার, আবুল হাসনাত রোড, নুর-বক্স লেন, আলী হোসেন খান রোড, হাফিজ উল্লা রোড ও গোলাম মোস্তফা লেনের আটটি বাড়িতে গিয়ে ওয়াসার সরবরাহ করা লাইনে পানি দেখা যায়নি। প্রতিটি বাসায় ড্রাম ও বিভিন্ন পাত্রে পানি জমিয়ে রেখেছেন বাসিন্দারা। তবে এই পানির রং কালচে।
আগা নবাব দেউড়ি রোডের বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, দুই বছর ধরে ওয়াসার লাইনে পর্যাপ্ত পানি পাওয়া যায় না। তারপরও সকাল-বিকেল যে পরিমাণ পানি লাইনে পাওয়া যায়, তা থেকেও দুর্গন্ধ আসে। এই পানি নিত্যপ্রয়োজনীয় কাজেও তেমন ব্যবহার করা যায় না।
যানজট
বেগমবাজার ও মৌলভীবাজার রোড মাত্র সাত ফুট প্রশস্ত। দুটি রিকশাই ঠিকমতো চলাচল করতে পারছে না। এর মধ্যে বেগমবাজারের পশ্চিম পাশ থেকে একটি পিকআপ ঢোকায় সড়কে লেগে আছে তীব্র যানজট। ফুটপাত না থাকায় যানজটের মধ্যে দাঁড়িয়ে আছেন পথচারীরা। একইভাবে মৌলভীবাজার রোড, আজিজ উল্লাহ রোড, নুর-বক্স লেন ও বেচারাম দেউড়ি রোডে যানজট দেখা গেছে। এই এলাকার প্রধান যান রিকশা।
বেচারাম দেউড়ি রোডের বাসিন্দা আবুল খায়ের বলেন, পুরান ঢাকার অন্যতম বাণিজ্যিক এলাকা বেগমবাজার ও মৌলভীবাজার। এই দুটি এলাকা ঘিরে ওই ওয়ার্ডের প্রায় প্রতিটি গলিতে দিনভর লেগে থাকে তীব্র যানজট। এতে ব্যবসা-বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই দিনের বেলা এই এলাকায় পিকআপ ঢোকা বন্ধ করতে হবে।
ঝুঁকিপূর্ণ কমিউনিটি সেন্টার
বেচারাম দেউড়ি রোডে আছে তিনতলা মৌলভীবাজার কমিউনিটি সেন্টার। কমিউনিটি সেন্টারটির প্রধান ফটকে লেখা, ‘এই ভবনটি ঝুঁকিপূর্ণ’। ভেতরে গিয়ে দেখা যায়, ভবনটির বিভিন্ন স্থানে দেয়ালে ফাটল ধরেছে। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। এর মধ্যে নিচতলায় আছে ডিএসসিসির ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়। এখানে জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাজে যাচ্ছেন বাসিন্দারা।
কাউন্সিলর কার্যালয়ের এক কর্মচারী বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ—এই তথ্য জানার পর এর ভেতর কাজ করতে ভয় হয়। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় কার্যালয়টি স্থানান্তর করা যাচ্ছে না। কিন্তু কমিউনিটি সেন্টারে এখন আর কোনো অনুষ্ঠান হয় না।
জলাবদ্ধতা
বৃষ্টি বেশি হলে এই ওয়ার্ডের বিভিন্ন গলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে জানিয়েছেন বাসিন্দারা। বেগমবাজার রোডের বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, দুই বছর ধরে বৃষ্টির পরিমাণ একটু বেশি হলেই বেগমবাজার রোড, মৌলভীবাজার রোড, বেচারাম দেউড়ি রোডসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই পানি সরতে চার-পাঁচ ঘণ্টার বেশি সময় লাগে।