ওয়াসার পানি সরবরাহ বন্ধ পাঁচ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দিন ধরে খুলনা নগরের মুজগুন্নি বাস্তুহারা এলাকায় ওয়াসার পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে ওই এলাকার প্রায় সাড়ে চার হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে।গতকাল সোমবার সকালে সরেজমিনে মুজগুন্নি বাস্তুহারা এলাকায় গেলে ভুক্তভোগীরা জানান, ১৬ ফেব্রুয়ারি থেকে ওয়াসার পানি বন্ধ হয়ে যায়। বিষয়টি জানানোর পর ওয়াসা কর্তৃপক্ষ তাঁদের জানায়, ওই এলাকায় ওয়াসার দুটি মোটরের মধ্যে একটি খারাপ হয়ে গেছে। এ কারণে পানি তোলা যাচ্ছে না। মোটর ঠিক না করা পর্যন্ত পানি পাওয়া যাবে না। কবে ঠিক করা হবে, ওয়াসা কর্তৃপক্ষ তাঁদের তা জানায়নি। পানির অভাবে তাঁরা রান্না, খাওয়াসহ গৃহস্থালীর কাজ করতে পারছেন না।নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একজন সরকারি চাকরিজীবী বলেন, ‘আমরা গত পাঁচ দিন ধরে পানি পাচ্ছি না। এ ব্যাপারে ওয়াসা কর্তৃপক্ষকে জানালে তারা আমাদের জানায়, মোটর খারাপ হয়ে গেছে, পানি পেতে দেরি হবে।’বালতি নিয়ে কাছের একটি নলকূপের পানি নিতে আসা কামাল হোসেন বলেন, ‘এভাবে বালতি নিয়ে পানি নিতে কষ্ট হয়। পাঁচ দিন ধরে এ কাজ করছি। কিন্তু ওয়াসা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অভিযোগ দেওয়ার পর তারা জানায়, পানি পেতে দেরি হ্বে।’ওয়াসার খুলনার কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ পিইঞ্জের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও কথা বলা সম্ভব হয়নি। উপব্যবস্থাপক জগলুল হায়দারের সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন ধরে বলেন, এটি ভুল নম্বর।