খাবার ঘরটির দেয়াল ঘেঁষে ১৫-২০টি পানির জার। ব্যাংক কর্মকর্তা মামুনুর রশিদ চৌধুরীর পরিবার ছয় মাসের বেশি সময় ধরে বাইরে থেকে পানি সংগ্রহ করে রান্না-খাওয়ার কাজ চালাচ্ছে। কারণ জানতে চাইলে মামুন বেসিনের কল খুলে দেখালেন। বেরিয়ে আসা পানির ধারা ঘোলা-দুর্গন্ধযুক্ত। তাঁর স্ত্রী বললেন, কখনো কখনো পানির সঙ্গে কীটও আসে।
পশ্চিম কাজীপাড়ার বসুন্ধরা লেন ও এর আশপাশের কিছু বাড়িতে ওয়াসার লাইনে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি আসছে। এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন তাঁরা। পানি খেয়ে অসুস্থও হয়ে পড়ছেন অনেকে।
তবে এ সমস্যা নিয়ে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের তেমন গা নেই। সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী কথা বলতে রাজি হলেন না। আর ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সহায়তা চাইলেন সাংবাদিকের।
গতকাল শনিবার ওই এলাকার বসুন্ধরা লেন এবং লাল চান মসজিদের গলির বেশ কয়েকটি বাসায় গিয়ে পানিতে দুর্গন্ধ পাওয়া যায়। পানির রংও কালচে। বসুন্ধরা লেনের বাসিন্দা স্কুলশিক্ষিকা মুনীরা আক্তার তাঁর মায়ের বাড়ি থেকে প্রতিদিন ২০ থেকে ২৫ লিটার পানি নিয়ে আসেন। এই পানি ফুটিয়ে খান ও রান্নার কাজে ব্যবহার করেন। তিনি বলেন, ‘পানির কষ্টের মতো কষ্ট আর হয় না। প্রায় আট মাস ধরে কষ্ট করছি।’ মুনিরা বলেন, এই পানি খেয়ে তাঁর স্বামী বেশ কিছুদিন পেটের অসুখে ভুগেছেন।
ট্যাপের পানির সঙ্গে আসা ময়লা চোখে গিয়ে একই এলাকার সাইফুল ইসলাম চোখের সংক্রমণে ভুগেছেন। পানির সমস্যার কারণে তাঁর স্ত্রী-সন্তান এখন তাঁর শ্বশুরবাড়িতে আছেন।
পশ্চিম কাজীপাড়া এলাকাটি ওয়াসার মডস জোন-৪-এর অধীন। কাজীপাড়া ৪ নম্বর পানির পাম্পের সহকারী পাম্পচালক নান্নু প্রথম আলোকে বলেন, ‘এই লাইনের পানিতে ময়লা আসে পাবলিকের কারণে। এলাকার মানুষ বাড়ির লাইনের কাজের সময় ওয়াসার লাইনে ফুটা কইরা ফেলে। ওই ফুটা দিয়াই ময়লা ঢোকে।’
ওয়াসার পানির এই হাল নিয়ে কথা বলতে রাজি হলেন না ঢাকা ওয়াসা মডস জোন-৪-এর নির্বাহী প্রকৌশলী আবদুল মজিদ। তাঁর দাবি, এ নিয়ে কথা বলার এখতিয়ার তাঁর নেই।
তবে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান প্রথম আলোকে বলেন, যেই বাড়ির পানিতে ময়লা ও দুর্গন্ধ পাওয়া যাচ্ছে সেখানকার পানির নমুনা এনে পরীক্ষা করার পর এ বিষয়ে মন্তব্য করা যাবে। নমুনা সংগ্রহের কাজে কয়েকটি বাড়ির ঠিকানার জন্য এই প্রতিবেদকের সহযোগিতা চান তিনি।