ওয়াসার পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
চট্টগ্রাম নগরে পানির অবৈধ সংযোগ নেওয়া ও বিল বকেয়া থাকার দায়ে ওয়াসার ভ্রাম্যমাণ আদালত ছয়টি সংযোগ বিচ্ছিন্ন ও মামলা করেছেন। একই সঙ্গে ছয় গ্রাহকের কাছ থেকে বকেয়া ও জরিমানা আদায় করা হয়েছে। চট্টগ্রাম ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল বিশ্বাস গতকাল বৃহস্পতিবার লালদীঘির পাড়, আন্দরকিল্লা ও হাজারী লেনে এ অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল বিশ্বাস জানান, ওয়াসার পানির লাইনের সঙ্গে মোটর পাম্প সংযোগ দেওয়া বেআইনি। অভিযানে লালদীঘির পাড়ের দুটি আবাসিক হোটেল, আন্দরকিল্লা ও হাজারী লেনের তিনটি নির্মাণাধীন বহুতল ভবন ও একটি অফিস ভবনে অবৈধ সংযোগ পাওয়া গেছে। এ জন্য ছয়টি পানির লাইন বিচ্ছিন্ন করার পাশাপাশি ছয়টি মোটর পাম্প জব্দ করা হয়েছে। ছয় গ্রাহককে ১২ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি গ্রাহকদের কাছে ওয়াসার পাওনা ২ লাখ ৩৫ হাজার ৭৪৩ টাকাও আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।