ওয়াসার পাম্পে পানি ওঠে না মীর হাজীরবাগে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক মাস ধরে তীব্র পানিসংকটে থাকা রাজধানীর মীর হাজীরবাগের বাসিন্দারা গতকাল বুধবার বিক্ষোভ করেছে। পানির দাবিতে তারা দোলাইরপাড়-দয়াগঞ্জ সড়কে হাঁড়ি-কলস নিয়ে মিছিল করে। এ সময় বিক্ষোভকারীরা কিছুক্ষণের জন্য রাস্তাও আটকে রাখে।

খবর পেয়ে পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার ইফতেখায়রুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। তিনি ওয়াসার সঙ্গে আলোচনা সাপেক্ষে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা রাস্তা থেকে সরে আসে।

বাসিন্দাদের অভিযোগ, প্রায় এক মাস ধরে এলাকার আবু হাজি মসজিদ–সংলগ্ন কয়েকটি বাড়িসহ, আবু হাজি স্কুল রোড, বড় বাড়ি প্রথম গেট ও ইঞ্জিনিয়ার গলিতে বসবাসরত কয়েক হাজার মানুষ তীব্র পানির সংকটে ভুগছে। বর্তমানে দিন-রাত মিলিয়ে এক ঘণ্টা সময়ও পানি থাকে না। সংকট কাটাতে ওয়াসা থেকে প্রতিদিন দুই গাড়ি করে পানি সরবরাহ করা হচ্ছে। এক গাড়ি আবু হাজি মসজিদের জন্য, আরেক গাড়ি এলাকাবাসীর জন্য। এই অবস্থায় পানির অভাবে প্রতিদিনের রান্না, গোসল এমনকি শৌচকার্যও অসম্ভব হয়ে পড়েছে। কেউ কেউ আশ্রয় নিয়েছে নিকটাত্মীয়দের বাড়িতে।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, মীর রাজারবাগ ওয়াসার পানি সরবরাহের জন্য তিনটি পাম্প রয়েছে। যার একটি থেকেও এখন পানি পাওয়া যাচ্ছে না। বিষয়টি ওয়াসা কর্তৃপক্ষকে অবহিত করা হলে তারা জানিয়েছে, গ্রীষ্মে পানির স্তর নেমে যাওয়াই এর একমাত্র কারণ।

পানিসংকটের বিষয়ে বিক্ষোভকারীদের একজন মো. ফারুকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘তীব্র তাপপ্রবাহের সময়েও এক ফোঁটা পানি পাওয়া যায়নি। রমজান মাসেও একই অবস্থা। পানি ছাড়া কীভাবে দিন কাটছে, সেটা কেবল আমরাই জানি।’

এলাকার আরেক বাসিন্দা মো. আতাউর রহমান বলেন, ‘যে এক গাড়ি পানি ওয়াসা থেকে দেওয়া হয়, তাতে বড়জোর ২৫-৩০ জনের প্রয়োজন মেটে। আগে রাতে কিছুটা পানি আসত, এখন তা–ও আসে না। ওয়াসা কীভাবে দেবে জানি না। আমরা পানি চাই।’

এ বিষয়ে কথা বলার জন্য ওয়াসার মডস জোন-১–এর নির্বাহী প্রকৌশলী মো. রিয়াজ উদ্দীনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। পরে খুদে বার্তা পাঠিয়েও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। তবে দুপুরের পর দোলাইরপাড়ের সার্কেল কর্মকর্তার কার্যালয়ে কর্মরত এক প্রকৌশলী বলেন, মীর রাজারবাগ সরবরাহ করা পানির বেশির ভাগ আসত সায়েদাবাদ পানি শোধনাগার থেকে। সেখানে সমস্যা হওয়ায় এই সংকট তৈরি হয়েছে।

সমস্যাটি কী ধরনের, তা জানতে চাইলে ওই প্রকৌশলী স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। বলেন, ‘পানির গতি বাড়ানোর জন্য সবদিক থেকেই চেষ্টা করা হচ্ছে।’

তবে এ বিষয়ে ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. রিয়াজ উদ্দীনের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে ইফতেখায়রুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তিনি (রিয়াজ উদ্দীন) আমাকে বলেছেন যে গ্রীষ্মে পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণেই এই সংকট তৈরি হয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত মীর হাজীরবাগে গাড়িতে করে পর্যাপ্ত পানি সরবরাহ করা হবে। যাতে সবার প্রয়োজন মেটে।’

ইফতেখায়রুল ইসলাম আরও বলেন, ‘আমি বিক্ষোভকারীদের গাড়িতে করে পর্যাপ্ত পানি সরবরাহের বিষয়টি পর্যবেক্ষণ করতে বলেছি। যদি তা অপর্যাপ্ত হয়, তাহলে আমি আবার ওয়াসার সঙ্গে কথা বলব।’

তবে এলাকাবাসীর বক্তব্য, গাড়িতে করে পর্যাপ্ত পানি সরবরাহ করলে সংকটের হয়তো সাময়িক একটা সমাধান হবে। কিন্তু এর স্থায়ী সমাধানের জন্য মীর হাজীরবাগে অন্তত আরও একটা পাম্প বসানো দরকার। কারণ, এলাকায় যে তিনটি পাম্প রয়েছে, তাতে স্বাভাবিক সময়েও সবার প্রয়োজন মেটে না। নতুন একটা পাম্প বসানোর জন্য এলাকায় সুবিধাজনক জায়গাও রয়েছে।