কদমতলীতে ঢাকা ওয়াসার লেগুনে মাছ চাষ বন্ধে প্রশাসনের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ওই রুল জারি করেন। একই সঙ্গে লেগুনে মাছ চাষ নিষিদ্ধ করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না ও জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রোববার রিটটি করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। স্থানীয় সরকার সচিব, স্বাস্থ্যসচিব, ওয়াসার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক, ডিসিসির মেয়রসহ নয়জন বিবাদীকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।