ওয়াসার লেগুনে মাছ চাষ বন্ধে সাত দফা নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সায়েদাবাদে ওয়াসার পয়ঃশোধনাগারের লেগুনে মাছ চাষ বন্ধ করতে সাত দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, প্রতি দুই মাস পর পর ওষুধ দিয়ে লেগুনের সব মাছ মারতে হবে।
এক রিট আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এক রায়ে এ নির্দেশনা দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। ওয়াসার পক্ষে ছিলেন কামরুন নেসা ও সিটি করপোরেশনের পক্ষে ছিলেন জাহানারা শিলা।

রায়ের সাত দফা নির্দেশনায় বলা হয়েছে, প্রথমত ওয়াসা কর্তৃপক্ষকে আগামী দুই বছরের মধ্যে লেগুন এলাকার চারদিকে সীমানা প্রাচীর তৈরি করতে হবে, দ্বিতীয়ত দুই মাস পরপর ম্যাজিস্ট্রেট, মৎস্য বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ওষুধ দিয়ে লেগুনের সব মাছ নিধন করতে হবে; তৃতীয়ত লেগুন এলাকায় তদারকির জন্য প্রয়োজনীয় সংখ্যক আনসার ও নিরাপত্তারক্ষী নিয়োগ দিতে হবে; চতুর্থত লেগুন এলাকায় নৈশ টহল জোরদার করতে হবে; পঞ্চমত জনসচেতনতার জন্য লেগুন এলাকায় ‘এই মাছ বিষাক্ত, ক্ষতিকর এবং মাছ চাষ ও ধরা শাস্তিযোগ্য অপরাধ’ লেখা প্রয়োজনীয় সংখ্যক সাইনবোর্ড স্থাপন করতে হবে; ষষ্ঠত ওয়াসা কর্তৃপক্ষকে লেগুন এলাকার প্রয়োজনীয় সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে; এবং সর্বশেষ লেগুন এলাকার জনপ্রতিনিধিরা নাগরিক কমিটি গঠন করে মাছ চাষ বন্ধের ব্যবস্থা নেবেন ও ওয়াসা কর্তৃপক্ষকে এ বিষয়ে সহযোগিতা করবেন।

২০১১ সালের ১৩ জুলাই ‘ওয়াসার লেগুনের বিষাক্ত মাছ খাচ্ছে ঢাকার মানুষ’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এ রিট আবেদন করেন। প্রাথমিক শুনানির পর ওই বছরের ১৪ নভেম্বর হাইকোর্ট রুল দেন। আজ এ রুল মঞ্জুর করে রায় দিলেন আদালত।

মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, সায়েদাবাদ-পাগলা-কদমতলী এলাকায় পয়োবর্জ্য পরিশোধনের জন্য ওয়াসার ২৪৬ একর জমিতে ওয়াসার বেশ কয়েকটি লেগুন রয়েছে। এসব লেগুনের পানিতে ঢাকা শহরের বর্জ্যের সঙ্গে আসা বিভিন্ন বিষাক্ত রাসায়নিক থাকে। এ জন্য এসব লেগুনে চাষ করা মাছ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। অথচ স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি লেগুনে মাছ চাষ করে তা রাজধানীর বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছিলেন। ওয়াসার প্রতিবেদনেও এ ঘটনার সত্যতা স্বীকার করা হয়েছিল।