‘মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১০’-এ তারকা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে গতকাল পুরস্কার বিতরণ করা হয়েছে। কুপন পূরণ ও এসএমএস পাঠিয়ে প্রথম ও চূড়ান্ত পর্বে তাঁরা তারকা নির্বাচন করেছিলেন।গতকাল শনিবার বিকেলে ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে লটারির মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পাঠকদের ভোটে এবারের সেরা টিভি অভিনয়শিল্পী (নারী) নূসরাত ইমরোজ তিশা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট কেএস হাইস্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ওয়াসিফ বিন ফরিদ চূড়ান্ত পর্বে কুপন পূরণ করে পেয়েছে গাড়ি। পুরস্কার বিজয়ী ওয়াসিফ জানায়, ‘এই গাড়িতে চড়েই বাড়িতে যাব।’ চূড়ান্ত পর্বে এসএমএস পাঠিয়ে বিজয়ী ধানমন্ডির সফটওয়্যার ইঞ্জিনিয়ার জীবন বিকাশ রায় ওয়ালটনের সৌজন্যে পেয়েছেন মোটরসাইকেল। পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বিপণন বিভাগের প্রধান মালিক মো. সাঈদ বলেন, ‘মেরিল-প্রথম আলো তারকা পুরস্কার এখন সবার কাছে আরও ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়েছে।’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের বিপণন বিভাগের সহকারী ব্যবস্থাপক জেসমিন জামান, ওয়ালটনের জনসংযোগ ও গণমাধ্যম পরিচালক মো. হুমায়ুন কবীর ও উপপরিচালক এস এম জাহিদ হাসান। প্রথম আলোর পক্ষে উপস্থিত ছিলেন উপসম্পাদক আনিসুল হক, ব্র্যান্ড ব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ ও সহকারী ফিচার সম্পাদক কবির বকুল।প্রথম পর্বে কুপন পূরণ করে পাঠিয়ে প্রথম পুরস্কার ল্যাপটপ বিজয়ী হলেন যশোরের মো. সহিদুজ্জামান। এ ছাড়া এই পর্বে খুলনার রুমা সরকার দ্বিতীয় পুরস্কার ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং সাতক্ষীরার ইকবাল কবির খান তৃতীয় পুরস্কার ডিভিডি প্লেয়ার পেয়েছেন। পরবর্তী সাতজন বিজয়ীর প্রত্যেককে চতুর্থ পুরস্কার হিসেবে এক হাজার টাকার প্রাইজবন্ড দেওয়া হয়। প্রথম পর্বে এসএমএস পাঠিয়ে প্রথম ও দ্বিতীয় পুরস্কার ক্যামেরা মুঠোফোন বিজয়ী হলেন যথাক্রমে মতিঝিল মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাহমুদা আক্তার ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী মো. রেজাউল করিম। চূড়ান্ত পর্বে কুপন পূরণ করে পাঠিয়ে দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ ও তৃতীয় পুরস্কার ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন বিজয়ীরা হলেন যথাক্রমে কিশোরগঞ্জের আতাউর রহমান ও মৌলভীবাজারের মো. মিজানুর রহমান। চূড়ান্ত পর্বে এসএমএস পাঠিয়ে দ্বিতীয় পুরস্কার ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন পেয়েছেন বনানীর হাসিনা চৌধুরী। তৃতীয় ও চতুর্থ পুরস্কার মুঠোফোন বিজয়ী খাগড়াছড়ির কানন চৌধুরী এবং ঢাকার মিরপুর-১-এর মিলন কুমার রায়।