ওয়ায়দুল কাদেরসহ চট্টগ্রামের নেতাদের সংবর্ধনা ১২ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১২ নভেম্বর বিকেলে নগরের লালদীঘি ময়দানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ চট্টগ্রাম থেকে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়া নেতাদের সংবর্ধনা দেওয়া হবে। গতকাল রোববার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘বৃহত্তর চট্টগ্রাম থেকে ছয় নেতা এবার কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন। তাঁদের বরণ করে নিতে অপেক্ষায় আছি।’
অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা নতুন কমিটিতে ওবায়দুল কাদেরসহ যাঁদের ঠাঁই দিয়েছেন তাঁরা সংগঠনকে আরও বেশি গতিশীল করবেন।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। সব ষড়যন্ত্র দলীয় নেতা-কর্মীরা প্রতিবারে রুখে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি জাতিকে পথ দেখাবে।
আরও বক্তৃতা করেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।